
দেহরাদূন, ১১ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডে ফের দুর্যোগের ঘনঘটা। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের ১৩টি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । এর মধ্যে সাতটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেহরাদূন, তেহরি, রুদ্রপ্রয়াগ, চামোলি, নৈনিতাল, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলার কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি । পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার আবহাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়, সমতল এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি থাকতে পারে। তবে পাহাড়ি এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকারই সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকে দেহরাদূনের আবহাওয়া রৌদ্রকজ্জল থাকলেও দিনের বেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশাসনের সূত্রে স্থানীয় বাসিন্দাদের ঝড় - বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত বজ্রপাতের সময় খোলা স্থান বা গাছের নিচে না দাঁড়ানো পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড়ি অঞ্চলগুলিতে ব্যাহত হতে পারে যান চলাচল ও যাতায়াত ।
