Game

45 minutes ago

Asian Games Women's Hockey: এশিয়ান গেমস মহিলা হকি, শিরোপা জিতলে মিলবে অলিম্পিকের টিকিট

Asian Games Women's Hockey
Asian Games Women's Hockey

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : বিশ্বকাপে ঐতিহাসিক পঞ্চম স্থান অর্জনের পর এশিয়ান গেমসে নামতে চলেছে সলিমা তেতের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা হকি দল। ১৯৮২ সালের পর মহিলা হকিতে সোনা জিততে পারেনি ভারত। এ বার ৪৪ বছর পর দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটানোই প্রধান লক্ষ্য মহিলা হকি দলের। আর সোনার পদক জিতলেই পাওয়া যাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ছাড়পত্র। দলের অধিনায়ক সলিমা তেতে জানিয়েছেন, "দলের লক্ষ্য একেবারে পরিষ্কার, সোনা জেতা এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি যোগ্যতা অর্জন করা।" ভারত রয়েছে পুল বি-তে। ভারতের সঙ্গে রয়েছে আয়োজক জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান।

২০ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরু হবে। ২১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া, ২৩ সেপ্টেম্বর থাইল্যান্ড, ২৫ সেপ্টেম্বর জাপান এবং ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নকআউট পর্ব। ওই দিনই হবে সেমিফাইনালের ম্যাচগুলি। আর ২ অক্টোবর হবে সোনার পদকের ম্যাচ, অর্থাৎ ফাইনাল। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় মহিলা দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ফলে এশিয়ান গেমসেও সলিমা তেতে-দের কাছ রয়েছে বড় প্রত্যাশা। এখন দেখার সেই প্রত্যাশা ভারতীয় মহিলা দল পূরণ করতে পারে কি না।

You might also like!