Entertainment

54 minutes ago

Sweden Celebrates Tagore: সুইডিশ বেতারে কবিতাপাঠের স্মৃতি, রবীন্দ্রনাথের সুইডেন সফরের শতবর্ষে আমন্ত্রিত বিশ্বভারতী

A file photo of Visva-Bharati
A file photo of Visva-Bharati

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সুইডেনের সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের। এবার সেই ঐতিহাসিক যোগসূত্রকেই আরও একবার সামনে আনতে চলেছে সুইডেন। রবীন্দ্রনাথের সুইডেন সফরের শতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে দেশটি। আর সেই কর্মসূচিতে এবার সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসে বিশ্বভারতীর প্রতিনিধি দল সুইডেনে যাবে।

শতবর্ষের এই বিশেষ আয়োজনে রবীন্দ্র-ভাবনা, শান্তিনিকেতনের আদর্শ এবং বিশ্বভারতীর সাংস্কৃতিক দর্শনকে গুরুত্ব দেওয়া হবে। পরিকল্পনায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, আলোচনা সভা, প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের মতো একাধিক কর্মসূচি। ফলে শুধু রবীন্দ্রনাথের ঐতিহাসিক সফরকে স্মরণ নয়, ভারত ও সুইডেনের সাংস্কৃতিক সম্পর্ককেও নতুন মাত্রা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সুইডেন সফরের সময়ই এই শতবর্ষ উদযাপনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সুইডেন সরকারের তরফে রবীন্দ্রনাথের সফরের শতবর্ষ পালনের প্রস্তাব দেওয়া হয়। এরপর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীকে এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রীর সফরকালেই ঠিক হয় সুইডেনে রবীন্দ্রনাথের যাত্রার শতবর্ষ উদযাপন করা হবে। সুইডেন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব দেওয়া হয়। তারপরেই বিশ্বভারতীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মর্মে নভেম্বর মাসে বিশ্বভারতী থেকে দুটি প্রতিনিধি দল সুইডেনে যাচ্ছে।”

ইতিমধ্যেই অনুষ্ঠানের সম্ভাব্য কর্মসূচি নিয়ে সুইডেন সরকারের কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথের সঙ্গে সুইডেনের সাংস্কৃতিক সম্পর্কের শিকড়ও বেশ গভীরে। ১৯২১ সালে প্রথমবার সুইডেনে গিয়েছিলেন কবিগুরু। ওই বছরই ২৬ মে তাঁর নোবেল পুরস্কার গ্রহণের ভাষণ রেকর্ড করা হয়েছিল। পরে ১৯২৬ সালের আগস্ট মাসে ফের সুইডেন সফর করেন তিনি। সেই সফরে সুইডিশ বেতারে কবিতা পাঠ করার পাশাপাশি বিভিন্ন আলোচনাতেও অংশ নিয়েছিলেন বিশ্বকবি। রবীন্দ্রনাথের সময় বিশ্বভারতীর সঙ্গে বিশ্বের ৩৯টি দেশের শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের সমঝোতা ছিল বলে জানা যায়। সময়ের সঙ্গে সেই আন্তর্জাতিক যোগাযোগ অনেকটাই কমে বর্তমানে ৮-৯টি দেশের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক দেশের সঙ্গে নতুন করে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় পরিস্থিতি বদলাচ্ছে।

আর্জেন্টিনা, থাইল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি এবং সুইডেন-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে নতুন করে সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার পথ তৈরি হয়েছে। সেই আবহে রবীন্দ্রনাথের সুইডেন সফরের শতবর্ষ উদযাপন বিশ্বভারতীর আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।  শুধু সুইডেন নয়, রবীন্দ্রনাথের বিদেশযাত্রা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রভাবকে ঘিরে একাধিক কর্মসূচিও চলছে। তাঁর রাশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে মস্কোতেও বর্তমানে কবির আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ফলে রবীন্দ্রনাথের আন্তর্জাতিক উত্তরাধিকারকে ঘিরে নতুন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে আগ্রহ তৈরি হয়েছে, সুইডেনের এই শতবর্ষ উদযাপন তারই আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে। 


You might also like!