
হাওড়া, ১২ অক্টোবর : হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত কদমতলা বাজার এলাকায় একটি ওষুধ দোকানের আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্কের নীচে অবস্থিত একটি ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল।
আগুন লাগার পর প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দোকানের শাটার খুলতেই দমকল কর্মীরা দেখেন, ভেতরে থাকা রেফ্রিজারেটরটি দাউ দাউ করে জ্বলছে। চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, দোকানের মধ্যে থাকা রেফ্রিজারেটরে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশ ও দমকল।
