kolkata

43 minutes ago

Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’

Samik Bhattacharya
Samik Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ বারই প্রথম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সনাতন ঐতিহ্য মেনে পুজোর আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই তৎপর হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন। সোমবারই পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকের ঠিক আগে সরকারি আমন্ত্রণপত্রে মা দুর্গার ছবি ঘিরে তৈরি হল বিতর্ক। আমন্ত্রণপত্রে দশভুজার বদলে ১১টি হাতের ছবি দেখা যেতেই তা নিয়ে শুরু হয় চর্চা। বিতর্ক বাড়তেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টি নিয়ে সাফাই দেন। তাঁর কথায়, ‘‘এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে। এসব কি রাজনীতির বিষয়? সংশোধন করে নেবে।’’ তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষও। ফলে পুজোর প্রস্তুতির মধ্যেই সরকারি আমন্ত্রণপত্রের দুর্গামূর্তির ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সোমবার মিলন মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীর পুজো বৈঠকের আগে বিভিন্ন উদ্যোক্তাদের কাছে পৌঁছেছিল সরকারি আমন্ত্রণপত্র। তাতে যে দুর্গার ছবি রয়েছে, তিনি একাদশভুজা! ১১টি হাতে একটি অস্ত্র অতিরিক্ত, তবে তা বোঝা যাচ্ছে না। আর এনিয়েই বিতর্ক তৈরি হয়। বিষয়টি সর্বপ্রথম নজরে আনেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, ‘‘একটা চমৎকার সরকারী বিজ্ঞাপন! এখানে মা দুর্গার এগারোটা হাত। দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। আর বিজেপি সরকারের পক্ষ থেকে ঠাকুরকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে, পুজোর সময় বাঙালির উপর কেউ নিরামিষ খাওয়ার ফতোয়া জারি করতে এলে তাকে কানের গোড়ায় থাবড়া মেরে প্যান্ডেল এবং বাংলা থেকে বের করে দেওয়ার জন্য।” 

এরপরই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের মুখে শমীক বলেন, ‘‘মা দুর্গা আরও শক্তিশালী হয়ে গেছেন! যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি। দেখুন কোন এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে। এগুলো কি রাজনীতির বিষয়? সংশোধন করে নেবে।” 


You might also like!