
শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাতে একটানা বৃষ্টির জেরে বালাসন নদীর জল বেড়ে ভেঙে গেল শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় তৈরি হিউম পাইপের অস্থায়ী সেতু। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিকগামী ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। হিউম পাইপের সেতুর ঠিক পাশেই সেনাবাহিনীর উদ্যোগে তৈরি একটি বেইলি সেতু রয়েছে| সেটি দিয়েই যাতায়াত হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ার কারণেই হিউম পাইপের সেতুটি জলে ভেসে যায়। উল্লেখ্য, গত বছর ৪ অক্টোবর পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে বালাসন নদীর জল বাড়ায় দুধিয়ার লোহার সেতুটি ভেঙে গিয়েছিল। এরপর তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে ২৭ অক্টোবর হিউম পাইপের সেতুটি নির্মাণ করা হয়।
প্রসঙ্গত, শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে ৮ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি বেইলি সেতুটির উদ্বোধন করেছিলেন। এদিকে, হিউম পাইপ সেতুটি পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আবারও ভারী যান চলাচল ব্যাহত হলো।
