
কলকাতা, ১০ এপ্রিল : বিধানসভা নির্বাচনের আগে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ ও হাওড়া-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, দুর্নীতির জাল কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কোন কোন প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে, তা খতিয়ে দেখতেই এই ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে।তদন্তে উঠে এসেছে বসন্ত কুমার শরাফ নামে এক ব্যবসায়ীর নাম। অভিযোগ, তাঁর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রেশনের বিপুল পরিমাণ চাল-গম পাচার করা হত। কীভাবে সাধারণ মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী খোলা বাজারে বিক্রি হয়ে যাচ্ছিল এবং সেই অর্থ কারা পাচ্ছিল, তা জানতেই তৎপর হয়েছেন তদন্তকারীরা।ইডি আধিকারিকদের দাবি, এই চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি ও সংস্থার যোগ থাকতে পারে। সেই সূত্র ধরেই বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হচ্ছে।ভোটের মুখে রাজ্যজুড়ে এই অভিযানে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীর সঙ্গে কোনো প্রভাবশালী নেতার সরাসরি যোগ রয়েছে কি না, এখন সেটাই তদন্তের মূল কেন্দ্রবিন্দু।
