kolkata

1 hour ago

Suvendu Adhikari: ডিএ আন্দোলনে নতুন মোড়, স্থগিত গুরুত্বপূর্ণ বৈঠক—নতুন দিনক্ষণ ঘোষণা

WB CM Suvendu Adhikari
WB CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ডিএ আন্দোলন ঘিরে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই বদলে গেল গুরুত্বপূর্ণ বৈঠকের দিনক্ষণ। আগে জানা গিয়েছিল, আগামী সোমবার যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সূত্রের খবর, আপাতত সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ জুন নবান্নে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ডিএ-সহ সরকারি কর্মীদের একাধিক দাবি নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বকেয়া ডিএ (DA) দেওয়ার নির্দেশও দিয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার পালটা আদালতে আর্থিক পরিস্থিতি জানিয়ে সময় চায়। পরবর্তীতে ২০১৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত যা বকেয়া তার ২৫ শতাংশ দুভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেয়েছেন। তবে সরকার পোষিত সংস্থার কর্মীরা এখনও তা পাননি। ফলে ডিএ আন্দোলন এখনও চলছে। স্বাভাবিকভাবেই রাজ্যে পালাবদল হওয়ায় বকেয়া ডিএ মিলবে বলে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।


দিন কয়েক আগে জানা গিয়েছিল, আগামী শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে কথা বলবেন। কিন্তু বদলালো দিনক্ষণ। জানা যাচ্ছে, শনিবারের বদলে মিটিং হবে ১ জুন। উল্লেখ্য, প্রথমে শোনা গিয়েছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে কথা হবে। যদিও মিটিং শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন, বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়নি। তবে তারপরও যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনর বলেছিলেন, “এতবছর অপেক্ষা করলাম। আর কয়েকটা দিন করি।” ১ তারিখের বৈঠকে কি ডিএ সংক্রান্ত জটিলতার জট খুলবে? উত্তরের অপেক্ষায় সরকারি কর্মীরা। 

You might also like!