
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ফলাফল বেরোতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হামলার অভিযোগ, পার্টি অফিস ভাঙচুরের দাবি—আর তার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ছবি ও ভিডিও। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে। এমনকী সমাজমাধ্যমে যে পুলিশ কড়া নজর রাখছে তাও জানিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেশ কিছু ভুয়ো খবরের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কলকাতা পুলিশ। সেখানে বলা হয়েছে, ‘নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেই সমাজমাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। অন্য জায়গার ছবি-ভিডিও কলকাতার বলা হচ্ছে। এই সমস্ত কনটেন্টের উপর কলকাতা পুলিশ কড়া নজর রাখছে।’ এমনকী যে বা যারা এই ধরনের পোস্ট ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। অফিসিয়াল সমাজমাধ্যমে কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়েছে, কলকাতার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। তবে যাচাই না করে কোনও খবর যাতে কেউ বিশ্বাস না করেন সেই আবেদনও জানানো হয়েছে।
সোমবার রাজ্যে ভোটপর্ব মিটেছে। ২০৭টি আসনে জয় পেয়ে বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। নিজের গড় ভবানীপুর থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। যদিও হিংসা নিয়ে সতর্ক কমিশন এবং লালবাজার। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে।
