
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক | বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন ব্রাত্য বসুর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই শুক্রবার বাংলা অকাদেমিতে পৌঁছল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন। অকাদেমির বিভিন্ন নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখবেন কমিশনের সদস্যরা। পাশাপাশি প্রয়োজন হলে সংস্থার কর্মী ও আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর পাশাপাশি কমিশনের অন্যান্য আধিকারিকরাও এই তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।
এর আগেই রাজ্য সরকার গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তাতে বলা হয়, বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় তৃণমূল আমলের ওই মন্ত্রী বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন। অকাদেমির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই দুর্নীতি নিয়ে বিভিন্ন নথি কমিশনের দফতরে জমা পড়ার পর সব খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসু।
এর আগে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাত্যের বিরুদ্ধে। ওই নাট্যকার, অভিনেতা তথা রাজনীতিকের বিরুদ্ধে জ়িরো এফআইআর দায়ের হয়েছে। তা ছাড়াও ব্রাত্য এবং রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ারও অভিযোগ রয়েছে। দুই মহিলার অভিযোগ, তাঁদের ফোনে কুপ্রস্তাব দেন ব্রাত্য। প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি-সহ নানা ভাবে হেনস্থাও করা হয়েছিল। ব্রাত্য অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন, অভিযোগকারিণীকে তিনি চোখেই দেখেননি। অন্য দিকে, ইন্দ্রনীল পুজোর পাস সংক্রান্ত মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।
আগের দুই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেন ব্রাত্য। তিনি এক অভিযোগকারিণীকে নিশানা করে এ-ও বলেন, ‘‘আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি তাতে রাজি হইনি। তাই এখন খেপে গিয়ে বলছেন!’’ অভিযোগের সময়কাল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ‘‘ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে। আমার মনে হয়, প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হয়েছে। আইনি পদক্ষেপ করব আমি’’, বলেছিলেন ব্রাত্য। অকাডেমিতে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘‘অভিযোগ জমা পড়লে তদন্ত হোক। আমার কোনও অসুবিধা নেই।’’
