Abhishek Banerjee | ফের তৃণমূলে বিস্ফোরক পরিস্থিতি! অভিষেকের বিরুদ্ধে থানায় মমতার ভাই বাবুন

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : তৃণমূলের অন্দরে ফের নতুন করে বিতর্কের ছায়া! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি থানার দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাট থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বাবুনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঠিক কী কারণে অভিষেকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কী অভিযোগ বাবুনের? মমতার ভাইয়ের বক্তব্য, ‘রাজ্য সরকারি কর্মচারীদের যে ভাবে হুমকি দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। নানা ভাবে তাঁদের অপমান করা হচ্ছে। উনি (অভিষেক) অনেকের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। নাগরিক হিসেবে আমার খারাপ লেগেছে। এই সব কারণে আমি অভিযোগ দায়ের করেছি।’ বাবুনের দাবি, তিনি দীর্ঘদিন একঘরে অবস্থায় ছিলেন, কিন্তু প্রতিবাদের সুযোগ ছিল না। এখন সেই সুযোগ এসেছে বলে তিনি প্রতিবাদী হয়েছেন। বাবুনের ক্ষোভ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে অভিযোগ করার সুযোগ ছিল না। পুলিশ আটকে দিত। আমাকেও যেতে দিত না।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বছর বাবুনের কালীপুজোতে গিয়েছিলেন। কিছুদিন আগে বাবুন এ–ও বলেছিলেন, মুখ্যমন্ত্রী যে দিন বলবেন, সেই দিনই তিনি বিজেপিতে যোগ দেবেন। মমতা মুখ্যমন্ত্রী থাকার সময়ে বাবুনের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছিল বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে। একদা মমতা এমনও ঘোষণা করেছিলেন যে, বাবুনের সঙ্গে িতনি কোনও সম্পর্ক রাখবেন না। তবে এ দিন তাঁর দায়ের করা অভিযোগে বাবুন মূলত অভিষেকের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…