Piyush Goyal | চলতি বছরের শেষেই স্বাক্ষরিত হতে পারে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি : পীযূষ গোয়েল

Piyush Goyal .
Piyush Goyal .

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  চলতি বছরের শেষের দিকেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুপ্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে এবং আগামী বছরের মার্চ বা এপ্রিল মাস নাগাদ তা কার্যকর হতে পারে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিও চূড়ান্ত পরিণতির অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুক্রবার নতুন দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া ডেট ক্যাপিটাল মার্কেট সামিট ২০২৬’-এ ভাষণ দিতে গিয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পীযূষ গোয়েল বলেন, "আশা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিটি চলতি বছরের শেষের দিকে সম্পাদিত ও স্বাক্ষরিত হবে এবং আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসের মধ্যে তা কার্যকর হয়ে যাবে।"

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার অগ্রগতির কথা তুলে ধরে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "মার্কিন বাণিজ্য চুক্তিও চূড়ান্ত পরিণতির খুব কাছাকাছি রয়েছে। যে প্রক্রিয়া এবং রূপরেখার জটিলতা এতদিন ধরে চুক্তিটি চূড়ান্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছিল, তা এখন একটি নির্দিষ্ট আকার নিতে শুরু করেছে।"বাণিজ্য মহলের মতে, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার মতো বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির সঙ্গে ভারতের এই বাণিজ্য চুক্তিগুলি বাস্তবায়িত হলে দেশের রফতানি বাণিজ্য, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…