Special Parliament Session | সংসদের বিশেষ অধিবেশন ঘিরে তৎপর কংগ্রেস; সব সাংসদকে তলব, হুইপ জারি এনসিপি (এসসিপি)-র

Special Parliament Session
Special Parliament Session

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের অধিবেশন শুরু হতে চলায় কৌশল নির্ধারণে তৎপর হয়ে উঠেছে বিরোধী শিবির। শুক্রবার কংগ্রেস দলের তরফে তাদের সমস্ত সাংসদকে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টার মধ্যে দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, শরদ পওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পওয়ার তাদের লোকসভা সাংসদদের জন্য কড়া হুইপ জারি করেছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ৩০ নভেম্বর, সোমবার থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশনে সরকারের মোকাবিলা করতে এবং গুরুত্বপূর্ণ বিল ও ইস্যুগুলিতে ঐক্যবদ্ধ অবস্থান নিতে আগেই বৈঠকে বসতে চাইছে কংগ্রেস। সেই কারণেই অধিবেশন শুরুর ঠিক একদিন আগে, অর্থাৎ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার মধ্যে দলের সমস্ত লোকসভা ও রাজ্যসভা সাংসদকে রাজধানী দিল্লিতে হাজির থাকার জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে।

অন্যদিকে, এনসিপি (শরদচন্দ্র পওয়ার)-এর তরফে জারি করা তিন লাইনের হুইপে দলের সমস্ত লোকসভা সাংসদকে আগামী সোমবার (৩০ নভেম্বর) থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সংসদের নিম্নকক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হুইপে স্পষ্ট জানানো হয়েছে, এই পাঁচ দিন কোনোভাবেই অনুপস্থিত থাকা চলবে না এবং কক্ষে দলের গৃহীত অবস্থানকে পূর্ণ সমর্থন জানাতে হবে।

রাজনৈতিক মহলের মতে, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলা সংসদের এই চার-পাঁচ দিনের অধিবেশনে ডিলিমিটেশন বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পেশ হতে পারে। আর সেই কারণেই বিরোধী দলগুলি আগেভাগেই নিজেদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…