kolkata

59 minutes ago

Agnimitra Paul :দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অগ্নিমিত্রার, মহিলাদের নির্ভয়ে থাকার বার্তা নতুন মন্ত্রীর

Agnimitra Paul
Agnimitra Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার বিকাশভবনে দপ্তরে এসে তিনি জানান, দল-মত নির্বিশেষে দুর্নীতির ক্ষেত্রে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করবে রাজ্য সরকার।তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই প্রশাসন এই পথে চলবে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তাঁর দাবি, যে কোনও রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রাজ্যে মহিলারা যেকোনও সময় নিরাপদে চলাফেরা করতে পারবেন।

সোমবার অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ-সহ মোট ৫ জন মন্ত্রীর দপ্তর বণ্টন হয়েছে। অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই বিকাশভবনে আসেন অগ্নিমিত্রা। সেখান থেকে তিনি বলেন, ৮ টার পর মহিলারা বাইরে বেরতে পারবে না, সেই দিন শেষ হয়ে গিয়েছে। এতদিন মহিলাদের নির্যাতনের ঘটনায় থানায় গেলেও এফআইআর নেওয়া হত না। কিন্তু বর্তমানে সেই সব চলবে না। মহিলাদের উপর নির্যাতনের ঘটনায়, জিরো এফআইআর করা হবে। এতদিন তৃণমূলের পতাকা হাতে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত না। কিন্তু বর্তমানে তা আর হবে না। দল-মত নির্বিশেষে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও অগ্নিমিত্রা অভয়া মামলা, কয়লা চুরি, বালি চুরির ফাইল নতুন করে খোলার হুঁশিয়ারি দেন। তিনি জানান, আইন মেনে সব কাজ করতে হবে। রাজ্যে পালাবদলের পরে নব্য বিজেপি সমর্থকদেরও হুঁশিয়ারি দেন তিনি। দলীয় পতাকার আড়ালে কোনও দুর্নীতি, সমাজবিরোধী কাজ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।

You might also like!