
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে কর্ণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবিতে অনেকদিন বাদে দেখা গিয়েছে রণবীর সিং ও আলিয়া ভট্টকে। তবে এই ছবিকে ঘিরে ফের চ্যালেঞ্জের মুখে গোটা টিম। জানা যাচ্ছে, সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র পেয়ে গেলেও ছবিতে একাধিক জায়গায় কাঁচি চালিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।
ছবি থেকে সরানো হয়েছে একাধিক অশ্লীল শব্দ। শুধু তা-ই নয়, ছবির প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরেই আলিয়ার মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে এই শব্দবন্ধের অবতারণা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন এই মর্মেই, ‘খেলা হবে’। তার পর থেকে বেনজির জনপ্রিয়তা পেয়েছে এই শব্দবন্ধ। সেই শব্দবন্ধই ছবির ট্রেলারে শোনা গিয়েছে আলিয়ার মুখে। তবে ওই শব্দবন্ধে কাঁচি পড়ছে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে ছবি থেকে বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত প্রসঙ্গ। তা ছাড়াও ছবিতে ব্যবহার করা একটি মদের ব্র্যান্ডের নাম বদলে গিয়েছে। একটি দৃশ্যে নাকি দেখানো হয়েছিল নারী অন্তর্বাসের দোকান। খবর, কাঁচি চলেছে সেই দৃশ্যেও।
