
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২ অক্টোবর শুক্রবারের পর ৯ অক্টোবর, তারপরই বহু প্রতীক্ষিত ১৬ অক্টোবর। ওই দিনই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’। প্রায় এক যুগ পর ফের পর্দায় দেব ও শুভশ্রীর জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ছবিকে ঘিরে উন্মাদনা। আর সেই উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে শহরজুড়ে দেব-শুভশ্রীর জমজমাট প্রচারপর্ব। বৃহস্পতিবার ‘দেশু ৭’-এর প্রচারে শ্রীরামপুরে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। পছন্দের তারকাজুটিকে একসঙ্গে সামনে পেয়ে উচ্ছ্বাসে মাতেন অনুরাগীরা। তাঁদের ঘিরে তৈরি হয় প্রবল ভিড় ও উৎসবের আবহ। শ্রীরামপুরের সেই প্রচারপর্বের একাধিক মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেব-শুভশ্রীর উপস্থিতি এবং অনুরাগীদের উচ্ছ্বাসের ভিডিয়ো ঘিরে নেটদুনিয়াতেও শুরু হয়েছে জোর চর্চা।
কখনও ‘নাচে রে বাংলা’র তালে নাচার সময় হাঁটু মুড়ে লেডি সুপারস্টার শুভশ্রীর হাতে চুমু তো কখনও আবার প্রাক্তনের কপালে লেগে থাকা চন্দন মুছিয়ে দেন দেব। শুভশ্রীকে লক্ষ্য করে ভক্তের ছোড়া গোলাপ মাটি থেকে তুলে হাতে দেন মেগাস্টার। ‘দেশু’ জুটির এরকম একাধিক মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি যা ভক্তরা একেবারে চেটেপুটে উপভোগ করছে। দেব, শুভশ্রী নিঃসন্দেহে বাংলা ইন্ডাস্ট্রির পাওয়ারফুল জুটি, সে বিষয়ে কোনও সন্দেহ প্রকাশের অবকাশ নেই। শুধু তাই নয়, তাঁরা বাংলা ছবির দর্শকের অন্যতম পছন্দের জুটি। এই জুটিকে ফের পর্দায় দেখার সাধ পূরণ করতে সময় লেগে গেল দীর্ঘ ১২ বছর। তাই সিনেমার প্রচারে দেব, শুভশ্রীকে কাছে পেয়ে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। ‘আমি তোর শুধু তোর’ গানে দেশুর কেমিস্ট্রির আগুন যেন ছড়িয়ে পড়েছিল শ্রীরামপুরের আকাশে বাতাসে! হাঁটু মুড়ে শুভশ্রীর হাত কপালে ঠেকিয়ে আলতো চুমু এঁকে দেওয়ার মুহূর্তে ভক্তদের বাধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
রোম্যান্সের পরই সোজা পার্টিমুডে ‘দেশু’। ‘নাচে রে বাংলা’র তালে মঞ্চ কাঁপালেন দেব, শুভশ্রী। এদিন অবশ্য দেব, শুভশ্রীর সঙ্গে সিনেমার প্রচারে ছিলেন ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্য। ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ বোলে চন্দনা’র তালে ‘কিশোরী’ ইধিকার সঙ্গে দেবের জমজমাট ডান্স পারফরম্যান্সে ফিরল ‘খাদান’ স্মৃতি। ছবির প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‘দেশু’। দেবের অকপট স্বীকারোক্তি, “আমি যখন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ছিলাম তখন আমার মনে হয়েছিল শুভশ্রী যদি টিমে থাকে তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। কিন্তু, ওঁর হ্যাঁ বলার উপর সবটুকু নির্ভর করছিল। শুভশ্রীকে ফোন করার দু’মিনিটের মধ্যেই রাজি হয়ে যায়। তারপর দেশু ৭-এর জার্নি শুরু। একটা জুটির নামে দু’মিনিটে সাত হাজার গোল্ডেন টিকিট বিক্রি ভারতবর্ষে ইতিহাস।”
পাশে দাঁড়িয়ে দেবের সমর্থনে শুভশ্রীর গলাতেও একই সুর। দীর্ঘ সময়ের ব্যবধানে পর্দায় প্রত্যাবর্তন। দর্শক দেব, শুভশ্রীকে ঠিক কীভাবে দেখতে চাইবেন প্রেমিকযুগল নাকি স্বামী স্ত্রী? ছবি তৈরির সময় পরিচালক ও প্রযোজক হিসেবে দেবের কাছে এটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জিং পরিস্থিতি। ‘দেশু’র সৌজন্যে দেবের সঙ্গে শুভশ্রীর প্রথম টুর। আর প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তারকা পরিচালক তথা প্রযোজকের প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী। ‘লেডি সুপারস্টার’-এর মতে, দেবের হাত ধরে এবার বাণিজ্যিক সিনেমা এক নতুন ভোরের আলো দেখবে। ইন্ডাস্ট্রির স্বার্থে দেবের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য বলে মনে করেন শুভশ্রী। সব মিলিয়ে ‘দেশু ৭’ মুক্তির পর দর্শকের প্রত্যাশা পূরণ হবে সেই গ্যারান্টিও দিয়েছেন দেবের নায়িকা।
