Entertainment

1 hour ago

Virosh Wedding Celebration: নারকেল জল থেকে কলাপাতা—রাজস্থানের প্রাসাদে দক্ষিণী ছোঁয়া, শুরু ‘বিরোশ’-এর বিবাহ উৎসব

Rashmika Mandanna-Vijay Deverakonda Udaipur Wedding
Rashmika Mandanna-Vijay Deverakonda Udaipur Wedding

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু’দিন। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের প্রাসাদনগরী উদয়পুরে এক ঐতিহ্যবাহী হেরিটেজ প্যালেসে চার হাত এক হবে দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা-র। বিয়ের আগেই শুরু হয়ে গিয়েছে তিনদিনের জমজমাট প্রাকবিবাহ অনুষ্ঠান। সোমবার থেকেই গন্তব্যে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে। একে একে যোগ দিচ্ছেন পরিবার, বন্ধু এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনেরা।

সূত্রের খবর, উদয়পুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এক রাজপ্রাসাদেই বসছে মূল বিয়ের আসর। সোমবার রাত থেকেই শুরু হয়েছে উদযাপন। ভেন্যু থেকে প্রকাশ্যে আসা কয়েকটি ছবিতে মিলেছে উৎসবের ঝলক—পাহাড় ঘেরা সুইমিং পুলের ধারে আড্ডা, সাজানো ডিনার টেবিল, ফুলে মোড়া রাজকীয় নৈশ আসর—সব মিলিয়ে পরিবেশ যেন সিনেমার সেটকেও হার মানায়। তবে রাজস্থানে আয়োজন হলেও দক্ষিণী সংস্কৃতির ছাপ স্পষ্ট প্রতিটি আয়োজনে। অতিথিদের ‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে পরিবেশন করা হচ্ছে নারকেল জল। বিয়ের তিনদিনের ভোজ পরিবেশন করা হবে কলাপাতায়—যা দক্ষিণ ভারতীয় বিবাহ-অনুষ্ঠানের বহু পুরনো ঐতিহ্য। সাজসজ্জা থেকে মেনু—সবেতেই নিজস্ব আঞ্চলিক পরিচয়কে গুরুত্ব দিয়েছেন বিজয়-রশ্মিকা।


এরপর ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হবে তারকাখচিত রিসেপশন। সেখানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের বহু তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। 

কয়েকদিন আগেই উদয়পুরের সেই হেরিটেজ প্রাসাদ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল লাল ভেলভেটের সজ্জা, রঙিন ফুল ও সারি সারি পিতলের মূর্তি—যা বিয়ের আড়ম্বরেরই ইঙ্গিত দেয়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইভেন্ট টিম, আর সেই ব্যস্ততাই জানিয়ে দিচ্ছে—এ বিয়ে হতে চলেছে বছরের অন্যতম চর্চিত বৈবাহিক অনুষ্ঠান। উদয়পুরে রওনা দেওয়ার আগে রবিবার রাতে নিজেরাই বিয়ের ঘোষণা করেন এই তারকাজুটি। ভক্তদের দেওয়া আদরের নাম ‘বিরোশ’-কেই সম্মান জানিয়ে তাঁদের বিয়ের নাম রাখা হয়েছে—‘দ্য ওয়েডিং অফ বিরোশ’। অনুরাগীদের উদ্দেশে দেওয়া সেই আবেগঘন বার্তায় নতুন জীবনের সূচনার কথা জানান বিজয় ও রশ্মিকা। রাজকীয় আয়োজনে, ঐতিহ্যের আবহে এবং তারকাখচিত উপস্থিতিতে—‘বিরোশ’-এর বিয়ে যে স্মরণীয় হতে চলেছে, তা সহজেই অনুমেয়।


You might also like!