Entertainment

1 hour ago

Actor Speaks Out: ট্রোলের মুখে কড়া জবাব! সংগ্রামের কথা জানিয়ে নীরবতা ভাঙলেন ‘আশিকি’ রাহুল

Dr. Vanita Ghadhage, Rahul Roy on Instagram
Dr. Vanita Ghadhage, Rahul Roy on Instagram

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকে বলিউডে ঝড় তোলা রাহুল রায় আজও দর্শকদের মনে অমলিন। ‘আশিকি’র সাফল্যের পর রাতারাতি তারকা হয়ে ওঠা এই অভিনেতা হঠাৎ করেই হারিয়ে যান আলোচনার কেন্দ্র থেকে। তবে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া ভিডিও ঘিরে ফের চর্চায় উঠে এসেছেন তিনি। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ডঃ বনিতা ঘাড়্গে দেশাই-এর সঙ্গে একটি রিল ভিডিওতে দেখা যায় রাহুলকে। ১৯৯৩ সালের ছবি  ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’র জনপ্রিয় গান ‘তেরে দর পে সনম’- এর আবহে তৈরি ওই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় কটাক্ষ। অনেকেই প্রশ্ন তোলেন, এমন ভিডিও বানানোর প্রয়োজনীয়তা নিয়েও।

তবে সমালোচনার মুখে চুপ থাকেননি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি স্পষ্ট করে জানান, ‘আমি আমার কাজ অত্যন্ত সততা ও বিনয়ের সঙ্গে করি। আমাকে আইনি খরচ বহন করতে হয়। আর সেগুলো আজকের নয়, ব্রেন স্ট্রোক হওয়ার আগে থেকেই করি।’ সমালোচকদের উদ্দেশে যোগ করেন, “আপনারা যদি আমার সরলতা নিয়ে বিদ্রূপ করেন বা আমার সংগ্রামকে উপহাস করেন তাহলে সেটা আপনাদের রুচির পরিচয়, আমার নয়। যদি সত্যিই আমাকে নিয়ে এত চিন্তিত হন তাহলে আমার জন্য কিছু কাজের ব্যবস্থা করে দিন। আমি সৎ পথে যে কোনও কাজ করতে আগ্রহী। আমাকে আইনি খরচের টাকা জোগাড় করতে হয়। পরিশ্রম করে উপার্জন করছি, অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তাঁকে উপহাস করে নয়।”


ট্রোলের জবাব দিয়ে আরও বলেন, ‘ব্রেন স্ট্রোকের পর আমার সক্রিয় থাকাটা খুবই জরুরি। আমি যতদিন বেঁচে আছি ততদিন কাজ করতে চাই। এতে আমার মন সক্রিয় থাকে এবং আমি এখনও কাজ করছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু কষ্ট হয় কিন্তু আমার মনের জোর ভাঙতে পারবেন না।’ প্রসঙ্গত, শেষবার কানু বহেল পরিচালিত আগরা ছবিতে ২০২৩-এ দেখা গিয়েছিল রাহুল রায়কে, যা ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

You might also like!