
কলকাতা, ৬ জুন : শনিবার কলকাতায় এসে মেট্রোয় চড়লেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব| এদিন তিনি কলকাতা বিমানবন্দরে নেমে জয় হিন্দ মেট্রো স্টেশনে পৌঁছন। কথা বলেন যাত্রীদের সঙ্গে। এর পরেই মেট্রোয় ওঠেন অশ্বিনী বৈষ্ণব। যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে প্রশংসাও করেন। তার পরে মেট্রো করেই রেলমন্ত্রী পৌঁছে যান নোয়াপাড়ায়। নোয়াপাড়া এলাকায় গাড়ি প্রবেশ করলে, যাতে স্থানীয়দের সমস্যা না হয়, তার জন্য গাড়ি রাখা হয় প্রমোদনগরে (বেলঘরিয়া হাইওয়ে)। মেট্রো স্টেশন থেকে প্রমোদনগর যান অটোয় চেপে। তারপরে সেখান থেকে নবান্ন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কলকাতা মেট্রোর যাতে আরও উন্নতি হয়, ৬০টির কাছাকাছি নিউ জেনারেশন ট্রেনের পরিকল্পনা রয়েছে। আগামী ৪-৫ বছরের মধ্যে তা চলে আসবে। কলকাতা নতুন গতি পাবে। একই সঙ্গে তিনি জানান, চিংড়িঘাটা এলাকার কাজ হয়ে গেলে, কলকাতা শহরে যাতায়াতের ক্ষেত্রে মানুষের আরও সুবিধা হবে।
