kolkata

7 hours ago

Weather-forecast :রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

weather
weather

 

কলকাতা, ৫ এপ্রিল: রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঝড় হতে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। সোমবার বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত।

আর উত্তরবঙ্গে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। একইরকম আবহাওয়া থাকবে সোমবারও। মঙ্গলবার ঝড়বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ওই জন্যই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবারও কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

You might also like!