
কলকাতা, ১১ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একদিকে যেমন চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে তেমনই একই দিনে শুরু হচ্ছে পুরনো সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেইসঙ্গে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও একইসঙ্গে শুরু হবে, তবে সেক্ষেত্রে রয়েছে সময়ের ফারাক। বিগত কয়েকবারের মতো পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নকল করা ঠেকাতে প্রযুক্তিগত সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টরি পরীক্ষার্থী ৫৮ হাজার ৪৫২ জন। আবার চতুর্থ সেমিস্টারের পুরনো সিলেবাসের পরীক্ষার্থী ১৪ হাজার ৪৯৪ জন। বৃহস্পতিবার চতুর্থ সেমিস্টারের নতুন পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ বেলা ১২টায়। একই সঙ্গে শুরু হবে চতুর্থ সেমিস্টারের পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষাও। তবে ১০টায় শুরু হয়ে সেই পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে দুপুর ১টায়। শেষ হবে দুপুর ২.১৫-তে।
