
কলকাতা, ৯ মে : জন্মবার্ষিকীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাজ্যপাল আর এন রবি। শনিবার সকালে এক্স মাধ্যমে লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এক্স মাধ্যমে জানান, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সমগ্র দেশ তাঁর চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। ভারতের শাশ্বত সভ্যতা ও সাংস্কৃতিক নবজাগরণের এক দীপ্তিময় আলোকবর্তিকা রূপে গুরুদেব জাতীয় চেতনা, মানবিক মর্যাদা ও চিন্তার স্বাধীনতার আদর্শে প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন।
রাজ্যপাল জানান, কবিগুরুর সেই কালজয়ী দূরদৃষ্টি আমাদের—বিশেষত যুবসমাজের—পাথেয় হয়ে থাকুক; যাতে আমরা এক গর্বিত, প্রাজ্ঞ ও আত্মনির্ভর বাংলা নির্মাণ করতে পারি। এই নবজাগরণই প্রতিফলিত করবে ‘সোনার বাংলা’র প্রকৃত স্বরূপ এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর মহান লক্ষ্যে উপনীত হতে ভারতকে চালিত করবে।
