
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মের দাবদাহে শুধু শরীরই নয়, প্রভাব পড়ে চুলের স্বাস্থ্যের উপরও। অতিরিক্ত ঘাম জমে মাথার তালুতে তৈরি হয় খুশকি, দুর্গন্ধ এবং নানা সংক্রমণের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, এই সময় চুলের গোড়ায় ব্যাক্টেরিয়া ও ছত্রাকের সংক্রমণ বেড়ে যায়, যার ফলে চুলকানি, র্যাশ এবং অস্বাভাবিক চুল পড়ার সমস্যা দেখা দেয়।
যাঁদের চুল আগেই পাতলা বা টাক পড়ার প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে গরমের সময়ে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। তাই এই সময় চুলের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত পণ্যের বদলে ঘরোয়া ভেষজ তেল ব্যবহার করলে উপকার মিলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসাবিজ্ঞানের মতে, একটি চুলের জীবনচক্র তিনটি ধাপে বিভক্ত—অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন। অ্যানাজেন পর্যায়ে নতুন চুল গজায়, ক্যাটাজেন একটি স্বল্পস্থায়ী পরিবর্তনকাল, আর টেলোজেন পর্যায়ের শেষে চুল ঝরে যায়। তবে এই স্বাভাবিক চক্রে ব্যাঘাত ঘটলে চুল পড়ার হার বেড়ে যায়।
অস্বাভাবিক হারে চুল পড়ার সমস্যাকে বলা হয় অ্যালোপেসিয়া, যার মধ্যে সবচেয়ে সাধারণ হল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া। একবার এই সমস্যা শুরু হলে তা পুরোপুরি বন্ধ করা কঠিন। তাই আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। সে জন্যই জরুরি ভেষজ কিছু উপকরণ।
∆ ভেষজ মিশ্র তেল:
উপকরণ:
২ চামচ নারকেল তেল
১ চামচ ক্যাস্টর অয়েল
১ চামচ কাঠবাদামের তেল
১ চামচ মেথির দানা
৮-১০টি কারি পাতা
১ চামচ কালোজিরে
প্রণালী: কম আঁচে নারকেল তেল ভাল করে ফোটাতে হবে। গরম হলে তাতে কারিপাতা, মেথির দানা ও কালোজিরে মিশিয়ে দিয়ে আরও মিনিট পাঁচেক ফোটান। তেলের রং বদলালে নামিয়ে ঠান্ডা করে নিন। এ বার তাতে ক্যাস্টর অয়েল ও কাঠবাদামের তেল মিশিয়ে শিশিতে ভরে রাখুন।
∆ আমলকি ও জবার তেল:
উপকরণ:
২ চামচ নারকেল তেল
৪-৫টি শুকনো আমলকি
৪টি জবা ফুলের পাপড়ি
একমুঠো কারিপাতা
১ চামচ মেথি দানা
প্রণালী: নারকেল তেলে আমলকি ও জবাফুলের পাপড়ি মিশিয়ে কম আঁচে ফোটাতে হবে। তেল গরম হলে তাতে মেথির দানা ও কারিপাতা মিশিয়ে দিয়ে ঢেকে রেখে আরও মিনিট দশেক ফোটান যত ক্ষণ না রং কালচে হচ্ছে। এই তেল চুলের গোড়া পুষ্টি পৌঁছে দেবে, দ্রুত চুল পড়া বন্ধ হবে। নতুন চুলও গজাবে।
∆ কারিপাতা-ব্রাহ্মীশাকের তেল:
উপকরণ:
আধ কাপ খাঁটি নারকেল তেল
১০-১২টি জবা ফুল
১ কাপ কারিপাতা
আধ কাপ মেহেন্দি পাতা
এককাপ ব্রাহ্মীশাক
৩টি আমলকি
২ চামচ মেথিদানা
প্রণালী: ব্রাহ্মীশাক ধুয়ে কুচিয়ে নিতে হবে। আমলকিও ধুয়ে শুকিয়ে কুচিয়ে নিতে হবে। লোহার কড়ায় তেল প্রস্তুত করা গেলে সবচেয়ে ভাল হয়। মাঝারি আঁচে তা তৈরি করতে হবে। নারকেল তেল গরম হলে তাতে দিতে হবে আমলকি কুচি। তার পর একে একে মেথিদানা, কালো তিল। আঁচ কমিয়ে মিনিট দশেক ফুটিয়ে দিতে হবে জবাফুল। ফুল দেওয়ার কিছু পরেই তেলের রং বদলে যাবে। আঁচ বন্ধ করে সেটি ঠান্ডা করে ছেঁকে কাচের শিশিতে ভরে রাখতে হবে।
