Glass Skin Skincare Risks: বিয়ের আগে গ্লাস স্কিনের শখেই সর্বনাশ? ভুল স্কিনকেয়ারে নষ্ট হতে পারে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য!

The Korean glass skin trend has many side effects
The Korean glass skin trend has many side effects

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের দিন সকলের নজর কাড়তে ঝলমলে, মসৃণ ও দাগহীন ত্বক চান প্রত্যেক হবু কনে। আর সেই সৌন্দর্যের স্বপ্নপূরণে এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘গ্লাস স্কিন’ ট্রেন্ড। কোরিয়ান বিউটি রুটিন থেকে অনুপ্রাণিত এই পদ্ধতিতে মজেছেন অনেকেই। ত্বকে কাচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল ভাব আনতে কেউ ব্যবহার করছেন একাধিক সিরাম ও দামি স্কিনকেয়ার প্রোডাক্ট, আবার কেউ ভরসা রাখছেন কেমিক্যাল পিল কিংবা লেজার ট্রিটমেন্টের মতো প্রসাধনী চিকিৎসায়। তবে বিয়ের আগে নিখুঁত ত্বক পাওয়ার তাড়াহুড়োয় অজান্তেই নিজের ত্বকের ক্ষতি ডেকে আনছেন না তো? চিকিৎসকদের মতে, অতিরিক্ত এক্সফোলিয়েশন, একসঙ্গে নানা ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার কিংবা ভুল পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাকবচ। এর জেরে দেখা দিতে পারে ত্বকে জ্বালাভাব, ব্রণ, লালচে ভাব এমনকী পিগমেন্টেশনের সমস্যাও। তাই গ্লাস স্কিনের মোহে পড়ে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্যকে অবহেলা করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।

এই গ্লাস স্কিন আসলে কী?

কাচের মতো মসৃণ, আর্দ্র, উজ্জ্বল ও চকচকে ত্বকই ‘গ্লাস স্কিন’ নামে পরিচিত। কোরিয়ান স্কিনকেয়ারের জনপ্রিয়তার সঙ্গে এই ধারণা ছড়িয়েছে বিশ্বজুড়ে। আমাদের দেশের কনেদের মধ্যেও এই প্রবণতা বেশ জনপ্রিয়। ত্বকরোগ বিশেষজ্ঞদের কথায়, গ্লাস স্কিন কোনও চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত ত্বকের ধরন নয়, বরং একটি সৌন্দর্যভাবনা। তাঁদের কথায়, ত্বকের উজ্জ্বলতা নির্ভর করে আর্দ্রতা, জিনগত বৈশিষ্ট্য এবং আলোর উপরেও। তাই অন্যের মতো ত্বক পাওয়ার চেষ্টা বিপজ্জনক হতে পারে।

সৌন্দর্যের চেষ্টায় ক্ষতি: গ্লাস স্কিন পেতে অনেকেই একসঙ্গে ব্যবহার করছেন ভিটামিন সি, রেটিনল, এক্সফোলিয়েটিং অ্যাসিডের মতো একাধিক উপাদান। নিয়ম মেনে এগুলি ব্যবহার করলে উপকার মিলতে পারে। কিন্তু অতিরিক্ত ব্যবহারেই বিপত্তি। ত্বকরোগ বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এতে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাকবচ বা স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখা দিতে পারে লালচে ভাব, শুষ্কতা, খোসা ওঠা, জ্বালা এবং সংবেদনশীলতা। ঘন ঘন এক্সফোলিয়েশন, কেমিক্যাল পিল ও একাধিক অ্যাকটিভ উপাদানের ব্যবহার থেকে ব্রণ এবং ত্বকের প্রদাহের সমস্যা বাড়তে পারে।

কালচে দাগের ঝুঁকি: ভারতীয় ত্বকের ক্ষেত্রে আরও একটি বড় চিন্তা পিগমেন্টেশন। ত্বকে অতিরিক্ত প্রদাহ বা ক্ষত তৈরি হলে মেলানিনের উৎপাদন বেড়ে গিয়ে কালচে দাগ পড়তে পারে। একে বলে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন। এই দাগ কয়েক সপ্তাহ, এমনকী কয়েক মাসও থেকে যেতে পারে। ভুল পদ্ধতিতে কেমিক্যাল পিল বা লেজার করালে পুড়ে যাওয়া, দাগছোপ এবং স্থায়ী ক্ষতচিহ্নের আশঙ্কাও থাকে। তাই ত্বকের ধরন না বুঝে কোনও ট্রিটমেন্ট করানো উচিত নয়।

বিয়ের আগে কী করবেন?

বিয়ের ঠিক আগে ত্বক বদলে ফেলার চেষ্টা না করে অন্তত তিন থেকে ছ’মাস আগে পরিচর্যা শুরু করুন। ত্বকের সমস্যা বুঝে বিশেষজ্ঞের পরামর্শে রুটিন তৈরি করাই সবচেয়ে নিরাপদ। মৃদু ক্লেনজার, উপযুক্ত ময়েশ্চারাইজার এবং রোজ ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করুন। ব্রণ বা পিগমেন্টেশনের সমস্যা থাকলে নিজে থেকে কোনও ক্রিম ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন। বিয়ের কয়েক দিন আগে নতুন প্রোডাক্ট বা ট্রিটমেন্ট এড়িয়ে চলুন।

পোর থাকলেই কি ত্বক খারাপ?

গ্লাস স্কিনের সবচেয়ে বড় ভুল ধারণা, সুস্থ ত্বক মানেই রোমকূপহীন ত্বক। বাস্তবে পোর বা রোমকূপ থাকা সম্পূর্ণ স্বাভাবিক। রোমকূপ ও ত্বকের নিজস্ব গঠন স্বাভাবিক বিষয়। সেগুলি মুছে ফেলাই পরিচর্যার লক্ষ্য হতে পারে না।

অতএব, বিয়ের দিনে নিখুঁত দেখানোর তাড়নায় ত্বকের উপর পরীক্ষা-নিরীক্ষা নয়। ত্বক সুস্থ, আর্দ্র ও স্বস্তিদায়ক রাখাই আসল লক্ষ্য। কাচের মতো ত্বক নয়, সুস্থ ত্বকই হোক বিয়ের সাজের আসল সৌন্দর্য।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…