
ওয়াশিংটন, ২৭ নভেম্বর: মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম 'ক্লাউড ওয়ান' হ্যাক হয়েছে। বিষয়টি জানেন এমন তিনজনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। এই ঘটনায় সামরিক কৌশল, সেনাকর্মী এবং রসদ সংক্রান্ত বিপুল পরিমাণ স্পর্শকাতর তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্রগুলি জানিয়েছে, গত এক মাসের মধ্যে সিস্টেমটি আপগ্রেড করার সময় অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। তারপর থেকে গোটা প্ল্যাটফর্মের কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্ল্যাটফর্মে চলা অ্যাপ্লিকেশনগুলির আপডেট আপাতত বন্ধ রাখা হয়েছে।
হামলার পিছনে কারা, কতটা ভিতরে তারা ঢুকতে পেরেছে, কিংবা কোনও তথ্য চুরি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। মার্কিন বিমানবাহিনী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তারা শুধু জানিয়েছে, বাহিনীর তথ্য ও সিস্টেম রক্ষায় নিয়মিত পদক্ষেপ নেওয়া হয়।
কেন এত গুরুত্বপূর্ণ ক্লাউড ওয়ান?
২০১৭ সালে বিমানবাহিনীর সব আইটি প্রয়োজন এক জায়গায় মেটানোর জন্য ক্লাউড ওয়ান চালু হয়েছিল। এটি মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের ক্লাউড পরিষেবার উপর চলে। সেনাকর্মীদের বেতন, রক্ষণাবেক্ষণ ও রসদ ব্যবস্থাপনার পাশাপাশি এখানে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষার রাডার ডেটা মেলানোর সিস্টেমও চলে। বিশ্বের ২০০টিরও বেশি মার্কিন বিমানঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখার ব্যবস্থাও রয়েছে এই প্ল্যাটফর্মে।
এক সূত্রের কথায়, এখানে হ্যাকিং হওয়া "খুবই বড় ব্যাপার"। প্ল্যাটফর্মটি বর্তমানে পরিচালনা করে লিডোস নামে একটি সংস্থা। তারা সব প্রশ্ন বিমানবাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছে।
(সূত্র: রয়টার্স)
