
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা—দু’জনের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে জল্পনা। এবার সেই গুঞ্জন যেন আরও জোরালো হল। সম্প্রতি তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। তার মধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে বিজয়ের হায়দরাবাদের বাড়ির ঝলমলে আলোকসজ্জা, যা ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে সাজসজ্জা ও আলোর রোশনাই যেন কোনও বিশেষ অনুষ্ঠানের ইঙ্গিত দিচ্ছে। অনেকেরই অনুমান, বিয়ের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি বিজয় বা রশ্মিকা। এরই মাঝে কয়েক দিন আগে তাঁদের একসঙ্গে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায়। শোনা যায়, উদয়পুরে সম্ভাব্য বিয়ের ভেন্যু ও প্রস্তুতি খতিয়ে দেখতেই নাকি তাঁরা শহরের বাইরে গিয়েছিলেন। গুঞ্জন, ২৬ ফেব্রুয়ারি নাকি চার হাত এক হতে চলেছে, আর ৪ মার্চ হায়দরাবাদে বসবে তারকাখচিত রিসেপশন।

অন্যদিকে, গত অক্টোবরে নাকি বাগদান সেরেছেন এই চর্চিত জুটি—এমন কথাও শোনা গিয়েছিল। রশ্মিকার হাতে দেখা যাওয়া দামি আংটি সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছিল। তবে প্রশ্ন করা হলে অভিনেত্রীর রহস্যময় উত্তর—“সবাই সব জানেন দেখছি!”— যা কৌতূহল আরও বাড়িয়েছে। আট বছরের বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেই রেখেছেন তাঁরা। কিন্তু আলো ঝলমলে বাড়ি, একসঙ্গে সফর আর প্রস্তুতির গুঞ্জন—সব মিলিয়ে টলিউড থেকে বলিউড, এখন একটাই প্রশ্ন—কবে বাজবে বিজয়-রশ্মিকার বিয়ের সানাই?
