
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সময়টা ২০১২। সেই বছরই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভট্ট। বক্স অফিসে সুপার হিট হয়েছিল করণ জোহর পরিচালিত ওই ছবি। সম্প্রতি করণ জোহরের সঙ্গে প্রথম সাক্ষাতের সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন আলিয়া।
সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ অংশ নিয়েছিলেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অভিনেত্রী। সেখানেই ব্যক্তিগত এবং পেশাদার জীবন সম্পর্কে কথা বলেছেন অভিনেত্রী। তিনি জানান, 'আমি যখন স্কুলে ছিলাম তখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর জন্য করণ জোহরের সঙ্গে দেখা করার জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি তখন ক্লাস ১১-এ পড়তাম। আক্ষরিক অর্থে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, তাই আমি ইউনিফর্মে ছিলাম। সেই সময় অনেকটা নাদুসনুদুস ছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোলাগত। আমি ভেবেছিলাম, 'আমি দেখতে দুর্দান্ত, এতো কোনও ভুল নেই।' আমি ওর অফিসে গিয়েছি, ও আমাকে ব্যক্তিগত ভাবে বলেছিল, মনের মতো আমি। আমাকে একটি অডিশন দিতে বলেছিল'।
অভিনেত্রী আরও জানিয়েছেন, প্রথম সিনেমার সময় তিনি স্কুলে পড়তেন। এই কারণেই তার মা সোনি রাজদান এত কম বয়সে অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন।
