
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যমে একের পর এক গ্ল্যামারাস ছবি পোস্ট করে ইতিমধ্যেই নজর কেড়েছেন মডেল-অভিনেত্রী তান্যা মিশ্র। তাঁর ছবি ও স্টাইল নিয়ে অনুরাগীদের মধ্যে বাড়ছে আগ্রহ। এমনকি সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তাকে ঘিরে অনুরাগীদের একাংশ তাঁকে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ বলেও উল্লেখ করছেন। অবশ্য ‘জাতীয় ক্রাশ’ কোনও আনুষ্ঠানিক খেতাব নয়। জনপ্রিয় কোনও অভিনেত্রী বা তারকাকে নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস প্রকাশের ক্ষেত্রেই সাধারণত এই শব্দবন্ধ ব্যবহার করা হয়। তান্যার ক্ষেত্রেও তাঁর সাম্প্রতিক ছবিগুলিকে ঘিরে সমাজমাধ্যমে তৈরি হওয়া আলোচনা তাঁকে নতুন করে দর্শক ও অনুরাগীদের নজরে এনে দিয়েছে।
তাঁর ছবি ঘিরে আলোচনার পাশাপাশি নজর পড়ছে তান্যার দীর্ঘদিনের পেশাগত যাত্রার দিকেও। মডেলিং, ফ্যাশন সংক্রান্ত কাজ, সৌন্দর্য প্রতিযোগিতা থেকে শুরু করে সিনেমা, ওয়েব সিরিজ় এবং মিউজ়িক ভিডিয়ো— বিনোদনের একাধিক ক্ষেত্রে কাজ করেছেন তিনি। মুম্বইয়ে কর্মরত তান্যা আদতে বিহারের গয়ার মেয়ে। ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি জন্ম তান্যার। মগধ বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক হওয়ার পর মডেলিং ও অভিনয়ের জগতে পা রাখেন। পেশাগত দিক থেকে একাধিক জনপ্রিয় ফ্যাশন ও বিনোদনমূলক সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। বিভিন্ন ফ্যাশন ম্যাগাজ়িনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন ফ্যাশন ফোটোশুট, স্টাইলিং এবং সম্পাদকীয় কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজের পোর্টফোলিও তৈরি করেছেন তান্যা। ২০১৯ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সংস্থার প্রচারক হিসাবেও কাজ করেছেন বলে তাঁর পেশাগত প্রোফাইলে দাবি করা হয়েছে।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন তান্যা। তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে ‘গজ়নবী’ এবং ‘চেজ়’। ‘চেজ়’-এ তাঁকে এক জন সিবিআই ইনস্পেক্টরের চরিত্রে দেখা গিয়েছিল। মডেলিংয়ের গ্ল্যামারাস কাজের বাইরে এমন চরিত্রে অভিনয় করে নিজেকে অন্য ভাবে তুলে ধরতে পেরেছিলেন তান্যা। ওটিটিতেও কাজ করেছেন তান্যা। তাঁর উল্লেখযোগ্য ওয়েব সিরিজ়গুলির মধ্যে রয়েছে হরমন বাওয়েজা প্রোডাকশনের ‘চিড়িয়া উড়’। এই সিরিজ়ে জ্যাকী শ্রফ, সিকন্দর খের এবং ভূমিকা চাওলা-সহ একাধিক পরিচিত মুখকে দেখা যায়। তান্যার কেরিয়ারে মিউজ়িক ভিডিয়োরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রায় সাতটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘নখরো’ এবং ‘তু মেরা হো জায়গা’-র মতো কাজ। মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে স্বল্পদৈর্ঘ্যের কাজে বিভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তা ছা়ড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ও সমাজমাধ্যমে এই ধরনের কাজ শিল্পীদের আরও বড় দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগও তৈরি করে।
তান্যার মূল খ্যাতি সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে প্রায় ১২ লক্ষ অনুসরণকারী রয়েছে তাঁর। ফলে সমাজমাধ্যমে তাঁর উপস্থিতিও বেশ প্রকট। সাম্প্রতিক ভাগ করা ছবিগুলি সমাজমাধ্যমে তাঁর উপস্থিতিকে আরও জোরালো করেছে। তাঁর ছবি নিয়ে ফ্যাশন, স্টাইলিং এবং লুকের পাশাপাশি ‘ন্যাশনাল ক্রাশ’ তকমা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এর আগে রশ্মিকা মন্দানা, তৃপ্তি ডিমরী, শ্রদ্ধা কপূর, দিশা পটানী, সাই পল্লবী, ওয়ামিকা গব্বী এবং পূজা হেগড়ের মতো অভিনেত্রীদের ক্ষেত্রেও বিভিন্ন সময়ে অনুরাগীদের তরফে এই শব্দবন্ধ ব্যবহার করেছে অনুরাগীরা। সম্প্রতি তান্যার নাম একটি বড় প্রযোজনা সংস্থার সম্ভাব্য আগামী ছবির সঙ্গেও জড়িয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে কৌতূহলও বেড়েছে। তবে এখনও পর্যন্ত সেই কাজ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ছবির প্রযোজনা, তান্যার সম্ভাব্য চরিত্র, অন্যান্য অভিনেতা বা মুক্তির তারিখ— কোনও বিষয়েই নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। তাই এই মুহূর্তে এই খবরকে জল্পনা হিসাবেই দেখা হচ্ছে। আপাতত সিনেমা, ওয়েব সিরিজ়, মিউজ়িক ভিডিয়ো এবং মডেলিং— বিনোদনের একাধিক ক্ষেত্রে তান্যার কাজই তাঁর পেশাগত যাত্রার সবচেয়ে স্পষ্ট পরিচয়। সেই সঙ্গে সমাজমাধ্যমে তাঁর সাম্প্রতিক ছবি সেই পরিচিতিকে পৌঁছে দিচ্ছে আরও দর্শকের কাছে।
