
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের অমিতাভ বচ্চনকে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। ৮৩ পেরিয়েও যাঁর কর্মব্যস্ততায় ছেদ পড়েনি, সেই বলিউডের শাহেনশাকেই সম্প্রতি দেখা গেল খানিকটা অন্য অবতারে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে প্রতিদিনের মতো স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আইকনিক মনোলগ দিয়ে অনুষ্ঠান শুরু করেননি তিনি। বরং সঞ্চালকের চেয়ারে বসেই শুরু করেন পর্বের শুটিং। কারণ, তার আগের দিন শুটিং চলাকালীন পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন অভিনেতা।
শো-তে প্রবেশ করেই নিজের আসনে বসে পড়েন অমিতাভ। দর্শকদের চোখে উদ্বেগ ধরা পড়তেই তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করেন। জানান, আগের দিন পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট লেগেছে। সেই কারণে সোজা হয়ে দাঁড়াতে সামান্য সমস্যা হচ্ছে এবং তাই এদিন বসেই মনোলগ শুরু করতে হয়েছে। তবে চোট নিয়ে দর্শকদের অযথা চিন্তা না করার বার্তাও দেন তিনি। জানান, প্রতিযোগীদের বরণ করে নেওয়ার সময় প্রয়োজনমতো উঠে দাঁড়াবেন তিনি। বিগ বি-র এই আশ্বাসে কিছুটা স্বস্তি পান উপস্থিত দর্শকরাও। এর মধ্যেই অমিতাভের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নিজের ব্লগে ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক এবং প্রজন্মগত পার্থক্য নিয়ে একটি কবিতা ও বার্তা লেখেন তিনি। সেখানে বাবা ও ছেলের চিন্তাভাবনা কিংবা দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও তাঁদের গন্তব্য যে একই, সেই কথাই তুলে ধরেন অমিতাভ। প্রজন্ম বদলালেও নতুন প্রজন্মের প্রতি সম্মান ও ভালোবাসা অটুট থাকে বলেও জানান তিনি।

তবে সাম্প্রতিক চোট কিংবা বয়স—কোনও কিছুই কাজের ক্ষেত্রে অমিতাভের গতি থামাতে পারেনি। এখনও একাধিক বড় প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। রিভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন ৮৪’-এ কোর্টরুম ড্রামার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে রয়েছেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক ব্যানার্জিও। অন্যদিকে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি পার্ট ২’-তে ফের ‘অশ্বত্থামা’ চরিত্রে ফিরছেন অমিতাভ। এই সায়েন্স-ফিকশন ছবিতে তাঁর সঙ্গে থাকছেন প্রভাস ও কমল হাসান। পাশাপাশি ‘আঁখে ২’ নিয়েও তাঁর নাম জড়িয়েছে। যদিও এই ছবি নিয়ে এখনও জল্পনা অব্যাহত। ফলে একদিকে ‘কেবিসি ১৮’-এর মঞ্চে সাময়িক চোট, অন্যদিকে একের পর এক নতুন কাজ—সব মিলিয়ে এখনও নিজের স্বাভাবিক ছন্দেই ব্যস্ত বলিউডের এই বর্ষীয়ান তারকা।
