Entertainment

2 hours ago

Sanjay Dutt Meets Yogi: রাজনৈতিক ইনিংসের প্রস্তুতি? লখনউ সফরে জল্পনার কেন্দ্রে মুন্নাভাই

Sanjay Dutt and UP CM Yogi Adityanath in Lucknow
Sanjay Dutt and UP CM Yogi Adityanath in Lucknow

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিজেপি বিধায়ক রাজেশ্বর সিংয়ের আমন্ত্রণে সম্প্রতি উত্তরপ্রদেশ সফরে যান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। লখনউয়ের সরোজিনী নগর এলাকায় একটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। সূত্রের খবর, এলাকাকে ‘সুজলা-সুফলা’ করে তোলার উদ্যোগে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যৌথভাবে কাজ করার বার্তাও দেন অভিনেতা। কর্মসূচির অংশ হিসেবে রোড শো এবং জনসভায় বক্তব্য রাখেন সঞ্জয়।

তবে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর পরবর্তী পদক্ষেপ। অনুষ্ঠান শেষে সোজা পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনে। সৌজন্য সাক্ষাতের সেই মুহূর্তের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। যোগীর সঙ্গে করমর্দনের ছবি পোস্ট করে তিনি লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে লখনউয়ে দেখা করে খুবই ভালো লাগল। আমাদের মধ্যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার যে আদানপ্রদান হল, তা সত্যিই প্রশংসনীয়।”  এই পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের প্রশ্ন—কংগ্রেস-ঘনিষ্ঠ পরিবার থেকে উঠে আসা সঞ্জয় কি তবে বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন? কেউ কেউ আবার রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাঁর নাম টানছেন। যদিও অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই।


‘Net Zero Sarojini Nagar’ Launched by Sanjay Dutt & Rajeshwar Singh

উল্লেখযোগ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে লখনউ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সঞ্জয়ের। কিন্তু আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি ভোটে দাঁড়াতে পারেননি। ফলে রাজনীতির সঙ্গে তাঁর নাম নতুন নয়। এদিকে সঞ্জয়ের পারিবারিক পটভূমিও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তাঁর বাবা সুনীল দত্ত ছিলেন পাঁচবারের কংগ্রেস সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন। অতীতে বোনের নির্বাচনী প্রচারেও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে সঞ্জয়কে। সব মিলিয়ে, যোগী সাক্ষাতের পর থেকেই সঞ্জয় দত্তের সম্ভাব্য রাজনৈতিক ইনিংস নিয়ে জল্পনা তুঙ্গে। সৌজন্য সাক্ষাৎ, না কি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা—সেটাই এখন দেখার।  

You might also like!