
কলকাতা, ১১ সেপ্টেম্বর : ভূদান আন্দোলনের নেতা, মানবাধিকার ও অহিংসার সমর্থক, ভারতরত্ন আচার্য বিনোবা ভাবের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বিনোবা ভাবের অবদান ও আদর্শ স্মরণ করেন। শুভেন্দু অধিকারী এ দিন সমাজ মাধ্যমে লেখেন, "ভুদান আন্দোলনের নেতা, মানবাধিকার ও অহিংসার সমর্থক, ভারতের জাতীয় শিক্ষক, ভারতরত্ন আচার্য বিনোবা ভাবের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।"
উল্লেখ্য, বিনোবা ভাবে ১৮৯৫ সালের ১১ সেপ্টেম্বর মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলের গাগোড়ে গ্রামে জন্মগ্রহণ করেন| শৈশব থেকেই আধ্যাত্মিক চিন্তাভাবনা ও সমাজসেবার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। ১৯১৬ সালে তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলন ও নানা গঠনমূলক কাজে যুক্ত হন। গান্ধীজিই তাঁকে ‘বিনোবা’ নাম দেন। ১৯৫১ সালে তেলঙ্গানার পোচামপল্লী থেকে তিনি ভূদান আন্দোলন শুরু করেন। ভূমিহীন মানুষদের জন্য তিনি জমি দানের আহ্বান জানান। এরপর তিনি প্রায় ৬৫ হাজার কিলোমিটার পদযাত্রা করে সারা দেশে ভূদান ও গ্রামদানের বার্তা ছড়িয়ে দেন। তাঁর এই প্রচেষ্টার ফলে লক্ষ লক্ষ একর জমি দান হিসেবে পাওয়া যায়। বিনোবা ভাবে ভগবদগীতা সহ বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদ করেছেন। তিনি নিজেকে মূলত একজন শিক্ষক হিসেবে বিবেচনা করতেন। ১৯৮২ সালের ১৫ নভেম্বর তাঁর প্রয়াণ হয়।
