
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এ মাসেই অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা। কিন্তু ঠিক কবে সেই টাকা মিলবে, তা নিয়ে এতদিন ধরেই ছিল জল্পনা। এবার নবান্ন সভাঘর থেকে সেপ্টেম্বরের কিস্তি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বরের কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় সামনে এসেছে অন্য একটি গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। আর এই ঘোষণার পরই উপভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে টাকা পাঠানোর কথা থাকলেও ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ পালনের সঙ্গে কিস্তি প্রদানের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা।
তাহলে কি এ মাসে ১৫ তারিখের বদলে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবসের দিনেই ৩০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন উপভোক্তারা? কলকাতার প্রায় ১ লক্ষ অন্নপূর্ণার উপভোক্তাদের নিয়ে বিশেষ শোভাযাত্রার কর্মসূচির পরিকল্পনার কথাও জানানো হয়েছে সরকারের তরফে। প্রসঙ্গত, বর্তমানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন।
উল্লেখ্য, সরকারের তালিকাভুক্ত উপভোক্তারা অন্নপূর্ণা সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি জানাতে পারবেন এবার। তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে শুভেন্দুর সরকার। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০। সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। এছাড়া ই-মেইলের মাধ্যমেও জানানো যেতে পারে অভিযোগ। এছাড়া সরকারকে মেল করতে পারেন asap@wb.gov.in-এ। তবে অন্নপূর্ণা দিবসে উপভোক্তাদের জন্য নতুন করে কোনও ঘোষণা করা হয় কিনা, সেদিকে নজর আছে।
