
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, যাঁর আসল নাম রুক্মিণী মল্লিক, সম্প্রতি রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। লাল পাড় শাড়িতে স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে সংসদে উপস্থিত হয়ে শপথ গ্রহণের সময় কিছুটা নার্ভাসও হয়ে পড়েন তিনি। অভিনয়ের জগত থেকে রাজনীতির মঞ্চে তাঁর এই পদার্পণ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজনীতিতে আসার কারণ হিসেবে কোয়েল জানিয়েছেন, মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তাঁকে এই পথে এনেছে। তবে তাঁর রাজনৈতিক সফরের পাশাপাশি সামনে এসেছে তাঁর আর্থিক অবস্থার চমকপ্রদ তথ্যও। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, কোয়েল মল্লিকের কাছে প্রায় ১১২৬.৭৩ গ্রাম (১ কেজিরও বেশি) সোনা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য আনুমানিক ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। সোনার পাশাপাশি তাঁর শৌখিনতার পরিচয় পাওয়া যায় তাঁর হাতের ঘড়িতেও। অভিনেত্রীর সংগ্রহে রয়েছে একটি বহুমূল্য রোলেক্স ঘড়ি, যার দাম ১৩ লক্ষ ৬৫ হাজার ৫২০ টাকা।

শুধু গয়না নয়, বিনিয়োগেও সমান দক্ষ অভিনেত্রী। শেয়ার বাজারে তাঁর বড় অংকের বিনিয়োগ রয়েছে—কোটাক সিকিউরিটিজে তাঁর শেয়ারের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা এবং আনন্দ রাঠিতে ১.১৪ কোটির বেশি। এছাড়া মিউচুয়াল ফান্ডে রয়েছে প্রায় ৭৪.৪৮ লক্ষ টাকা। কোটাক মহিন্দ্রা এবং ইন্ডিয়ান ব্যাংক মিলিয়ে তাঁর জমা অর্থের পরিমাণ প্রায় ৩৬ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে রুক্মিণী মল্লিকের (কোয়েল) মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৮৯৭ টাকা। তবে অবাক করার বিষয়, তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই।
অপরদিকে,তাঁর স্বামী ও প্রখ্যাত প্রযোজক নিসপাল সিং রানে সম্পত্তির দিক থেকে বেশ এগিয়ে। নিসপালের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪২১ টাকা। তাঁর সবচেয়ে বড় সম্পদ 'সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড'-এর শেয়ার, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৫৪ লক্ষ টাকা। নিসপালের কাছেও রয়েছে প্রায় ৮২১.৯২ গ্রাম সোনা, যার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকার বেশি। এছাড়া নিসপালের কাছে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সোনা, একটি হোন্ডা সিটি গাড়ি এবং বরানগরে একটি বাড়ি-সহ জমি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। কোয়েল বর্তমানে বালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকলেও সেটির মালিকানায় তাঁর নাম নেই বলে জানা গিয়েছে। সব মিলিয়ে বলা যায়, রাজনীতির মঞ্চে নতুন ইনিংস শুরু করলেও সম্পত্তির নিরিখে এই তারকা দম্পতি ইতিমধ্যেই রয়েছেন শীর্ষে।

