
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিহার ও উত্তর প্রদেশের বিভিন্ন জেলা এখনও বন্যা কবলিত।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কেরলম এবং মাহে-তে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।
