
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অক্ষয় তৃতীয়ার শুভক্ষণেই ভক্তদের জন্য বড় খবর শুনিয়েছিলেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। দেড় বছরের কন্যা দুয়ার পর এবার পরিবারে আসছে নতুন অতিথি—দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা। সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘দীপবীর’।
সুখবর ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল অন্তঃসত্ত্বা দীপিকাকে। মঙ্গলবার সকালে বিমানবন্দরে স্বামী রণবীরের হাত ধরে পৌঁছান তিনি। নীল রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট, চোখে সানগ্লাস—সহজ অথচ আভিজাত্যপূর্ণ লুকে নজর কাড়েন অভিনেত্রী। তাঁর মুখের প্রেগন্যান্সি গ্লো যেন স্পষ্ট। অন্যদিকে, বরাবরের মতোই স্ত্রীর প্রতি যত্নশীল রণবীর—নীরবে পাশে থেকেছেন, আগলে রেখেছেন দীপিকাকে। যদিও এদিন পাপারাজ্জিদের জন্য আলাদা করে পোজ দেননি এই তারকা দম্পতি, তবু তাঁদের মুখের মিষ্টি হাসি ক্যামেরাবন্দি হয়েছে।

Deepika Padukone, Ranveer Singh her daughter Dua
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে এই দৃশ্য। দ্বিতীয় সন্তানের খবরের পর দীপিকার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে ভক্তদের মধ্যে। যদিও কোথায় যাচ্ছেন তাঁরা, সে বিষয়ে মুখ খোলেননি কেউই। অনুমান করা হচ্ছে, কাজের সূত্রেই শহর ছাড়ছেন দীপিকা, আর এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন রণবীর। কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা। পরিচালক অ্যাটলি-র সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি ‘রাকা’ এবং শাহরুখ খানের ‘কিং’—এই দুই বড় প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। জানা গিয়েছে, ‘রাকা’ ছবিতে কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডবল ব্যবহার করার পরিকল্পনা করছেন নির্মাতারা। পাশাপাশি ভিএফএক্সের মাধ্যমে দৃশ্যগুলিকে আরও বাস্তবসম্মত করে তোলার কথাও ভাবা হচ্ছে।
তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবির চিত্রনাট্যে বড় কোনও পরিবর্তন আনা হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও নির্মাতারা সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সূত্রের খবর, মুম্বইয়ে আল্লু অর্জুনের সঙ্গে দীর্ঘ সময় ধরে শুটিং করার কথা রয়েছে দীপিকার। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের সুখবর আর পেশাগত ব্যস্ততা—দুইয়ের মাঝেই ভারসাম্য রেখে এগোচ্ছেন অভিনেত্রী।
