
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন অভিজ্ঞতার সাক্ষী হল একরত্তি দুয়া পাড়ুকোন সিংহ। মুম্বইয়ের বিখ্যাত নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে প্রথমবার লাইভ শো দেখতে গিয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন এই তারকা পরিবার। সম্প্রতি বাবা রণবীর সিংহ নিজেই এই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানান, এটি শুধু দুয়ার জন্যই নয়, তাঁদের পুরো পরিবারের জন্যই একটি স্মরণীয় মুহূর্ত। কারণ, এই প্রথমবার কোনও লাইভ পারফরম্যান্স কাছ থেকে দেখল ছোট্ট দুয়া।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, “এটা আমাদের জন্য একটু বেশি বিশেষ। কারণ, এটা আমাদের দুয়া বেবির প্রথম শো। আর নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার-কে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা বিশ্বের নানা জায়গার নানা বিষয় আমাদের কাছে তুলে ধরছে, যাতে আমরা জীবনের স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় দুয়ার। বর্তমানে রণবীর ও দীপিকা তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারে নতুন সদস্য আসার আগে মেয়েকে নিয়ে এমন মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। এক সাক্ষাৎকারে দীপিকা আগেই জানিয়েছিলেন,“আমি যদি অভিনেত্রী না হতাম, তা হলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশপাশে কিছু বাচ্চা থাকত। তিনটে ছোট ছোট বাচ্চা, এদিক-ওদিক দৌড়োচ্ছে, এমন হত সেই জীবন।” সবমিলিয়ে, দুয়ার প্রথম লাইভ শো শুধু একটি অভিজ্ঞতা নয়, বরং রণবীর-দীপিকার জীবনের এক আবেগঘন অধ্যায় হয়ে রইল।
