
এজবাস্টন, ১২ সেপ্টেম্বর : শুক্রবার তৃতীয় টেস্টের শেষ সেসানে পাকিস্তানের অষ্টম উইকেট পড়ল যখন, তখন পাকিস্তান ইনিংস হার এড়াতে পারবে কি না সেটি নিয়েই সবার আগ্রহ ছিল। অর্থাৎ তিন দিনে ম্যাচ শেষ হতে চলেছে এমনই একটা পজিশনই তৈরি হয়েছিল। কিন্তু পাল্টে গেল সবার ধারণা। অভিষেকে খেলতে নেমে পাল্টা আক্রমণে ছক্কার ঝড়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন রাজাউল্লাহ। ইনিংস হারের শঙ্কা এড়িয়ে ম্যাচ চতুর্থ দিনে টেনে নিল পাকিস্তান।
সিরিজের শুরু থেকে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা পাকিস্তান এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে উপহার দিল দারুণ ইনিংস। সিরিজে আগের পাঁচ ইনিংসেই দুইশর নিচে গুটিয়ে যাওয়া পাকিস্তান এবার করল ৪৪৯ রান। আজান আওয়াইসের ৫৯, শান মাসুদের ৯৫ ও বাবর আজমের ৭৬ রানের পর রাজাউল্লাহ করেন ৮১ রান। তার বীরত্বেই ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে চতুর্থ দিন রান তাড়ায় ব্যাটিংয়ে নামবে জো রুটের দল।
