
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুতেই দাম্পত্য কলহ, আত্মহত্যার চেষ্টা এবং ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন গায়িকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। সেই ঘটনার পর কয়েক মাস কেটে গেলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামেনি। বিশেষ করে অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে নেটমহলে।
এই বিতর্কের মাঝেই আবারও বিষয়টি নিয়ে মুখ খুললেন দেবলীনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সায়কের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের। দেবলীনার কথায়, “যদি সায়কের সঙ্গে প্রেম থাকত, তাহলে ওকেই বিয়ে করতাম। প্রবাহ আমার জীবনে আসতই না।” দেবলীনা আরও বলেন, “আমি আর সায়ক দুজনেই নিয়মিত ভ্লগ করি। আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, সেটা দর্শকরা দেখতে পান। তাই ভাবেন কিছু একটা রয়েছে। কিন্তু বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায়, সায়ক আমার কাছে সেটাই। আমার আরও বন্ধু আছে, তাঁদের সঙ্গে ঘুরতে যাই, কফি শপে যাই, যেহেতু তাঁরা ভিডিও করেন না, তাই আপনারা তাঁদের দেখতে পান না। চর্চাও হয় না।” দেবলীনা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর জীবনে সায়ক এবং প্রবাহ— দুজনেরই আলাদা জায়গা রয়েছে। এই দুই সম্পর্ককে এক করে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, দেবলীনা আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন। নেটিজেনদের একাংশের দাবি ছিল, সায়ককে ঘিরেই নাকি প্রবাহ ও দেবলীনার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। যদিও সেই সব অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন দেবলীনা। বর্তমানে প্রবাহ এবং দেবলীনা আলাদা থাকছেন। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছেন গায়িকা। তবে ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সত্ত্বেও তাঁর পেশাগত জীবন স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে।
