
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে দেখতে পেরিয়ে গেল গোটা এক বছর। গত বছর অর্থাৎ ২০২২ এর ২৯ অগাস্ট জি বাংলায় শুরু হয়েছিল ধারাবাহিক জগদ্ধাত্রী। ধারাবাহিকের প্রোমোতেই ছিল বিশেষ চমক। রোম্যানটিসিজম থেকে নানান চমকপ্রদ থ্রিলার সবই দর্শকেরা দেখতে পান এই ধারাবাহিকে। এবার এক বছরের সাফল্যের বর্ষপূর্তিতে কেক কেটে করা হল উদযাপন।
আবার অন্যদিকে এই বিশেষ সপ্তাহেই ফের প্রথম স্থানে উঠে এল এই ধারাবাহিক। এই বিশেষ আনন্দের মুহূর্তে দর্শকদের সাথে তাঁর ভালো লাগা ভাগ করে নিলেন অভিনেতা সৌম্যদীপ অর্থাৎ জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ। তিনি বলেন, 'সিরিয়াল শুরুর প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানুষের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। টিআরপি-তে প্রথমেও তিন বা চারে থাকত। এমনকী একটানা অনেকদিন প্রথম স্থানেও ছিল। কিন্তু, মাঝে দ্বিতীয় স্থানে চলে এসেছিল। এক বছর পূর্ণ হওয়ার সময় ফের বেঙ্গল টপার। মানুষ এই সিরিয়ালের গল্পকে ভালোবাসছে। চরিত্রগুলোকে পছন্দ করছে বলেই এই সাফল্যটা এসেছে।'
