
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : দেশজুড়ে মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে তৎপর কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ‘অ্যান্টি-নার্কোটিকস টাস্ক ফোর্স’-এর প্রধানদের নিয়ে তৃতীয় জাতীয় সম্মেলন। দু’দিনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক-বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় মন্ত্রক ও আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত থাকছেন। সম্মেলনের মূল ভাবনা রাখা হয়েছে— ‘ইউনাইটেড রিজলভ, শেয়ার্ড রেসপনসিবিলিটি’ বা ‘ঐক্যবদ্ধ সংকল্প, যৌথ দায়িত্ব’।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি প্রকাশিত ‘ভিশন ডকুমেন্ট অন নারকোটিক্স কন্ট্রোল (২০২৬-২৯)’-এ রাজ্যগুলির জন্য যেসব সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছিল, সেগুলির অগ্রগতি ঠিক কতটা, তার বিস্তারিত পর্যালোচনা হবে এই বৈঠকে। মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে— মাদকের জোগান বন্ধ করা (সাপ্লাই রিডাকশন), বাজারে এর চাহিদা কমানো (ডিমান্ড রিডাকশন) এবং ক্ষতির মাত্রা ন্যূনতম করে আনা (হার্ম রিডাকশন)।
