
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিধানসভা উপনির্বাচনের পরও রাজ্যে ভোটের আবহ কাটছে না। দুর্গাপুজোর মধ্যেই ফের একটি উপনির্বাচনের মুখোমুখি হতে চলেছে রাজ্য। রাজ্যসভায় পদত্যাগী তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, ১৬ অক্টোবর ষষ্ঠী। অর্থাৎ ওই দিনই দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজো। আর সেই দিনেই রাজ্যসভার ওই আসনে নতুন সাংসদ বেছে নিতে ভোট হবে। একই দিনে ভোটগণনা করে ফলাফলও ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ অক্টোবরের মধ্যে ওই রাজ্যসভা আসনের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে পুজোর আবহের মধ্যেই রাজ্যে ফের রাজনৈতিক উত্তাপ ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
চলতি বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের চারজন – কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। ছাব্বিশের ভোটে শাসকদলের ভরাডুবির পর জুলাই মাসে, দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর তিনি কেন্দ্রী. মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে দেখা করেছিলেন। সেসময়ই জল্পনা উসকেছিল, তবে কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন কোয়েল? কিন্তু পর তেমনটা দেখা যায়নি। এখন কোয়েলের সেই ইস্তফার পর সেই আসনটি শূন্য হওয়ায় জনপ্রতিনিধি বাছতে উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।
মঙ্গলবার কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যসভার ওই আসনে নির্বাচনের জন্য আগামী ৬ অক্টোবর মনোনয়ন পেশ, ৭ তারিখ স্ক্রুটিনি, ৮ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৬ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। তারপর বিকেল ৫টায় ভোটগণনা। সেইদিনই বোঝা যাবে, ওই আসনের নতুন সাংসদ কে হলেন। ছাব্বিশের ভোটে বিধানসভার বিন্যাস বদলেছে। সেই অঙ্কের হিসেব অনুযায়ী, কোয়েলের ছাড়া আসন এবার বিজেপিরই হতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশের মত, এবার বিজেপির হয়ে ফের রাজ্যসভায় যেতে পারেন কোয়েল মল্লিকই।
