
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিমান হাইজ্যাকের আশঙ্কায় যখন ভয়াবহ বিপদের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। বিমানে থাকা ১৮০ জন যাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর সেই সাহসিকতার প্রশংসা করেছেন বহু মানুষ। সতীর্থের ছুরিকাঘাতে আহত হয়েও তিনি যে ভূমিকা নিয়েছিলেন, তা ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই স্মিত মচ্ছরের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কলম ধরলেন বলিউড অভিনেতা সলমন খান। সমাজমাধ্যমে স্মিতের ভূমিকার প্রশংসা করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন অভিনেতা। কঠিন পরিস্থিতিতে পাইলটের সাহস ও দায়িত্ববোধই সলমনের বক্তব্যে বিশেষ ভাবে উঠে এসেছে।
লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার ব্যস্ততার বাইরে ভাইজান এখন বিবিধ বিষয় নিয়ে সোশাল মিডিয়ায় নিজস্ব মতামত ব্যক্ত করেন। এবার ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলটকে কুর্নিশ জানিয়ে বিশেষ ইচ্ছেপ্রকাশ করলেন তিনি। বিমান হাইজ্যাক আটকে গোটা বিশ্বের কাছে স্মিত মচ্ছর বর্তমানে ‘হিরো’। সেপ্রসঙ্গ উল্লেখ করেই ভারতীয় হিসেবে গর্ব প্রকাশ করেছেন ভাইজান। এক্স হ্যান্ডেলে স্মিত মচ্ছরের উদ্দেশে সলমন লিখেছেন, ‘চমৎকার কাজ করেছেন পাইলট সাহেব, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে সফর করতে পারলে খুবই আনন্দিত হব।’ এর সঙ্গে নিজস্ব স্টাইলে ‘ওয়েল ডান ব্রো’ কথাটিও জুড়ে দিয়েছেন তিনি। ওই পোস্টেই সলমনের সংযোজন, ‘সাবাশ ভাই, ক্যাপ্টেন স্মিত মচ্ছর।’ মাসকয়েক আগে সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি জানাতে গিয়েও ভাইজান এই একই স্টাইলে লিখেছিলেন, ‘সোনম ইটস ডান ব্রো’। তখন থেকেই নেটভুবনে এই ‘ডান ব্রো’ শব্দটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ভারতের ‘বীরবিক্রম’ বিমানচালককে কুর্নিশ জানাত গিয়েও এহেন শব্দই বেছে নিয়েছেন সলমন। যে পোস্ট কিনা আপাতত নেটদুনিয়ায় দাবানল গতিতে ভাইরাল।

এদিকে, প্রাণঘাতী হামলার পর স্মিত এখন বিপদসীমার বাইরে। হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যগিয়েছে। জঙ্গি হামলা রুখে দেওয়া ভারতীয় এই পাইলটের সঙ্গে শুক্রবারই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেগপ্রবণ মচ্ছরকে কুর্নিশ জানিয়ে ভিডিও কলে মোদি বলেন, “আপনার দীর্ঘায়ু কামনায় গোটা দেশ। আপনি বীর, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনি সমস্ত যাত্রীর প্রাণ বাঁচিয়ে বিরাট বড় কাজ করেছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অহিংসা কী? গোটা বিশ্বের কাছে সেই নিদর্শন তুলে ধরেছেন। গোটা দেশ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আমার কাছে আবেগপ্রকাশ করবেন না তো কার কাছে করবেন? আপনি আজ এমন কাজ করেছেন যে দেশ আপনার কাজে গর্বিত, কৃতজ্ঞ। বিশ্বজুড়ে সবাই চাইছে একবার আপনার সঙ্গে কথা বলতে।”
উল্লেখ্য, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালায় সহ-পাইলট। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রশ্ন উঠছে, কে এই হামলাকারী? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। আশা, অচিরেই সামনে আসবে আসল সত্যি।
Kamaal kar diya pilot ji, hum sab aap ko salute karte hain will be a pleasure to fly with u.. Well done bro.. Capt #SmitMachchhar
— Salman Khan (@BeingSalmanKhan) October 2, 2026
