
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যেকোনো কাজ শেষ করার পর কিছুটা বিরতি নিতেই পছন্দ করেন অয়ন চক্রবর্তী। তবে এবার মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ় ‘নিখোঁজ’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজ়ের প্রথম ঝলক। মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। ২০২০ সালে মুক্তি পেয়েছিল অয়ন পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য জাজমেন্ট ডে’। মাঝে অবশ্য তাঁর পরিচালিত ‘ষড়রিপু ২’ ছবিটি মুক্তি পেয়েছিল বড় পর্দায়।
অয়নের ছবির মুখ্য দুই চরিত্রই ইতিমধ্যে বলিউডে কাজ করছেন। টোটা এবং স্বস্তিকা প্রসঙ্গে অয়ন বললেন, “প্রথমে চিত্রনাট্য পড়ে দ্বিতীয় দিনেই স্বস্তিকা আমার কাছে জানতে চায় শুটিং কবে থেকে শুরু। ও খুবই উত্তেজিত ছিল। আর সিরিজ়ে রোমিত চরিত্রটির জন্য টোটার লুকই আমার পছন্দ ছিল। তাই ওদের ছাড়া আর কাউকে ভাবার কোনও অবকাশই ছিল না।” সিরিজ়ে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম। আগামী ১১ অগস্ট থেকে ‘হইচই’-তে আসতে চলেছে এই সিরিজ়টি।
