
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে এবার বড়সড় উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। নতুন ও যোগ্য ভোটারদের নাম তালিকাভুক্ত করতে কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের তালিকায় নাম তোলার উপর জোর দেওয়া হবে। ইতিমধ্যেই ২০টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই রাজ্যগুলিতে যেসব যোগ্য তরুণ ভোটারের নাম কোনও কারণে ভোটার তালিকায় ওঠেনি, তাঁদের চিহ্নিত করে তালিকাভুক্ত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। आयोगের এই পদক্ষেপের মাধ্যমে বাদ পড়া যোগ্য ভোটারদের নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রের খবর, বাংলা, বিহার-সহ যে ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই রাজ্যগুলিতে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য অভিযান শুরু হবে। যে সব ভোটাররা SIR-এর সময় কোনও কারণে নাম তুলতে পারেননি বা যোগ্য হয়েও বাদ পড়েছেন তাঁরা ফর্ম সিক্স পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। প্রত্যেক রাজ্যের সিইও, ইআরও এবং এইআরও-দের এই নির্দেশ দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই বিশেষ অভিযানে ঠিক যেভাবে এসআইআর প্রক্রিয়ার শুরুতে ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিএলও-রা সেভাবেই তাঁরা ফের বাড়ি বাড়ি যাবেন। এবং বাড়িতে কারও নাম বাদ গিয়েছে কিনা খোঁজ করবেন। প্রত্যেক ভোটারের বর্তমান স্টেটাস চেক করবেন। কোনও যোগ্য কিন্তু বাদ পড়া ভোটার পাওয়া গেলে বিএলওরাই তাঁদের খুঁজে বের করে ফর্ম সিক্স পূরণ করাবেন। আগামী একমাস ধরে এই অভিযান চলবে। মূলত নতুন ভোটারদের কথা মাথায় রেখে এই অভিযান চালানো হবে।
এই মুহূর্তে এইআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন নির্বাচন কমিশন। দেশজুড়ে SIR প্রক্রিয়ায় ২০ রাজ্যে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সেই প্রক্রিয়ায় বিস্তর গলদেরও অভিযোগ উঠেছে। এমনকী, ফর্ম সিক্সের নিয়ম বদলের অভিযোগও উঠেছে। সে সব অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আজ দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। এসবের মধ্যেই কমিশন বাদ পড়া ভোটারদের নাম তুলতে উদ্যোগী।
