
কলকাতা, ১ অক্টোবর : দুর্গাপুজোর প্রাক্কালে রাজ্যবাসীর জন্য বড়সড় স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভারী দুর্যোগের কোনও সম্ভাবনা নেই, কেবল দু-এক জায়গায় স্থানীয়ভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই পূর্বাভাসের কথা জানিয়েছেন।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা উৎসবে বিঘ্ন ঘটাবে না। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ও আগামীকাল আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২, ৩ ও ৪ অক্টোবর ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার) বহু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে রাজ্য জুড়ে বর্ষা বিদায়ের আবহ তৈরি হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাগমন শুরু করবে।
কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা এই মরসুমের স্বাভাবিক পারদের অনেকটাই কাছাকাছি। ফলে পুজো কেনাকাটায় বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছে হাওয়া অফিস।
