
গোপালগঞ্জ (বিহার), ৩০ সেপ্টেম্বর : ব্যারাজ থেকে প্রায় পাঁচ লাখ কিউসেক জল ছাড়ার পরই বিহারের গোপালগঞ্জে ফুঁসে উঠেছে গণ্ডক নদী। জলের তীব্র তোড়ে নদী তীরবর্তী একাধিক গ্রাম নিমেষের মধ্যে প্লাবিত হয়েছে। অন্তত পাঁচটি পঞ্চায়েত এলাকার বহু বাড়িঘরে হু-হু করে বন্যার জল ঢুকে পড়ায় চরম সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে মানুষজন উঁচু বাঁধ ও ব্রিজের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
জলমগ্ন এলাকায় খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রদীপ কুমার নামে এক দুর্গত ব্যক্তি বলেন, "আমাদের বাড়িঘর সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। বাধ্য হয়ে আমরা এই ব্রিজের ওপর আশ্রয় নিয়েছি। সঙ্গে ছোট বাচ্চা ও বয়স্ক মানুষরাও রয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে আমরা অভুক্ত, এক ফোঁটা খাবার বা পানীয় জলের কোনও ব্যবস্থাও করা হয়নি। এডিএম সাহেব আসার পর এইমাত্র কোনোমতে উদ্ধারকাজ শুরু হয়েছে। আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছিল যে খাবার ও জলের ব্যবস্থা হবে, কিন্তু বাস্তবে কিছুই মেলেনি।"
টানা জল বাড়তে থাকায় নীচু এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। একই সঙ্গে আটকে পড়া পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণসামগ্রী ও পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
