kolkata

49 minutes ago

CM Suvendu Adhikari: চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা! দমকলে ১৪০০ নিয়োগ, এক বছরে আরও ২৫০০ পদ

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দমকল বিভাগের এক অনুষ্ঠানে গিয়ে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের অগ্নিনির্বাপণ পরিষেবাকে আরও শক্তিশালী এবং আধুনিক করে তুলতে নতুন করে কর্মী নিয়োগের কথা জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দমকল বিভাগে মোট ১৪০০টি শূন্যপদ পূরণ করা হবে। দমকল বিভাগের পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নের পাশাপাশি পর্যাপ্ত কর্মী নিয়োগের উপরও যে জোর দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর এ দিনের ঘোষণায় তারই ইঙ্গিত মিলেছে। ১৪০০ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে চাকরিপ্রার্থীদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে। 

কোন পদে নিয়োগ?

১০০০ জন ফায়ার অপারেটর

৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার

৭৫ জন সাব অফিসার

এছাড়া, আগামী এক বছরের মধ্যে ২৫০০ পার্মানেন্ট পোস্ট তৈরি করে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

তিনি বলেন, ‘বিগত সরকার দমকলের কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করেছে। এই প্রতিষ্ঠানে এ ভাবে নিয়োগ করা যায় না। অন্তত ৬ মাস ট্রেনিং দিতে হয়।’ তাঁর আরও সংযোজন, ‘বিগত সরকার ৬-৭ হাজার ছেলেকে নিয়োগ করেছে... আমার কোনও অসুবিধা নেই... অল্প বেতন পায়। ভবিষ্যতে সুযোগ পেলে বেতন বাড়িয়ে দেব।’ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ২টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি তারাপীঠে, অন্যটি নিউ মার্কেটে। সেগুলির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, প্রাণহানি ঘটলেও কোনও জায়গায় আগুনে পুড়ে কেউ মারা যাননি। ধোঁয়ার কারণে মারা গিয়েছেন। ২টি জায়গাতেই প্রমাণ হয়েছে, হোটেল কর্তৃপক্ষ এগজ়িট পয়েন্টে তালাচাবি লাগিয়ে রেখেছিল যাতে বোর্ডাররা টাকা না দিয়ে ভোরে বেরিয়ে চলে যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি অবাক...এগজ়িটে তালা লাগানো ছিল। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।’

তারাপীঠে ৩০ জনকে এবং নিউ মার্কেটে ৮০ জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। সে কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ওই দমকল কর্মীদের জীবন রক্ষা মেডেল দেওয়া হবে। দমকল বিভাগে নতুন প্রজন্মের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের ১৯৮টি মিড সাইজ ওয়াটার টেন্ডার (MSWTS), ২৫টি মাল্টি পারপাস ফায়ার টেন্ডার (MPFTS) ও ৩টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ারের উদ্বোধন করা হলো এ দিন।

You might also like!