Country

1 hour ago

Amit Shah : আলোচনায় বসতে বিরোধীদের বার্তা, ‘ওরাই পালাচ্ছে’! সংসদ চত্বরে শাহ

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে পড়ুয়াদের আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে উত্তপ্ত সংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করে সরব বিরোধীরা। এই আবহেই বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাহ। তাঁর দাবি, পড়ুয়াদের আন্দোলন ও পুলিশের ভূমিকা নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত। বরং তাঁর অভিযোগ, আলোচনার পথে না গিয়ে বিরোধীরাই বিতর্ক এড়াচ্ছেন এবং সংসদের কাজ ব্যাহত করছেন।

আলোচনায় বসলেই সমস্ত প্রশ্নের বিস্তারিত জবাব দেবেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সংসদের নিয়ম মেনেই সেই আলোচনা হতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি। শাহের কথায়, ‘আলোচনার জন্য আমি তৈরি। কিন্তু বিরোধীরাই আলোচনা থেকে পালাচ্ছেন। সংসদই চলছে না তো সংসদে গিয়ে কী করব।’ আলোচনার আহ্বান জানিয়ে পাল্টা জবাব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তিনি বলেন, ‘ওঁর কল্পনা সম্পর্কে শুনতে আমরা আগ্রহী নই।’

অমিত শাহ জানান, পড়ুয়াদের আন্দোলন নিয়ে সংসদে আলোচনা শুরু করার জন্য বিরোধীরা লোকসভার স্পিকারের কাছে প্রয়োজনীয় চিঠি জমা দিতে পারেন। তাঁর প্রস্তাব, ‘বিকেল ৩টে থেকেই আলোচনা শুরু করা হোক।’ আলোচনা চলার পরে বৃহস্পতিবার বিকেল ৩টেয় তিনি লোকসভায় বিস্তারিত জবাব দেবেন। অর্থাৎ, বিরোধীরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাইছেন, তার পরিবর্তে সংসদের নির্ধারিত প্রক্রিয়ায় প্রথমে আলোচনা, তার পরে তাঁর জবাব—এই পথেই এগোতে চাইছে সরকার।অমিত শাহের বক্তব্য, সংসদে গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম না মেনে তিনি শুধু উঠে একটি বিবৃতি দিয়ে চলে যেতে পারেন না। তাই বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা—বিতর্ক হোক, প্রশ্ন উঠুক, তার পরে তিনি সবকিছুর জবাব দেবেন।অমিত শাহ আলোচনার প্রস্তাব দিলেও বিরোধীদের মধ্যে তা নিয়ে একমত হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তাঁরা শুধু অমিত শাহের ‘বক্তৃতা’ শুনতে আগ্রহী নন।

রাহুল বলেন, ‘বিরোধীরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অমিত শাহের বক্তৃতা শোনার কোনও আগ্রহ আমাদেরনেই। যখন আমি ‘আমরা’ বলছি, তার মানে এই দেশের তরুণ প্রজন্মকে বোঝাচ্ছি। ছাত্রদের গুলি করেছিল কে? পেরেক লাগানো লাঠি দিয়ে ছাত্রদের মারার আদেশ কে দিয়েছিল? আমাদের সন্তানদের গুলি করার এই আদেশ কি অমিত শাহ দিয়েছিলেন? যদি তিনি দিয়ে থাকেন, তা হলে তাঁর পদত্যাগ করা উচিত। গত ২০ দিন ধরে অমিত শাহ নিখোঁজ। লোকসভায় আসার সাহস নেই স্বরাষ্ট্রমন্ত্রীর।’ সরকারের কাছে রাহুলে স্পষ্ট দাবি—পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের জন্য স্পষ্ট জবাব দিতে হবে এবং দায় নির্ধারণ করতে হবে। পাল্টা শাহের জবাব, ‘বিরোধীরা তো সংসদ চলতেই দিচ্ছেন না। গিয়ে কী করব।’

You might also like!