
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেই এবার নবজাতকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১ গ্রাম ওজনের সোনার আংটি। সোমবার থেকেই এই নতুন প্রকল্প চালু করেছে তামিলনাড়ুর ‘থলপতি’ বিজয়ের সরকার। সরকারি হাসপাতালে প্রসবকে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তবে প্রকল্প ঘোষণার পর থেকেই তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তরফে এই উদ্যোগের সমালোচনা করে বলা হয়েছে, নবজাতকদের সোনার আংটির চেয়ে পুষ্টিকর খাবার ও দুধের প্রয়োজন বেশি। একই সঙ্গে রাজ্যে দুধের ঘাটতির প্রসঙ্গও তুলে ধরে বিজয় সরকারের উদ্দেশে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? জানা যাচ্ছে, তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা, যাঁদের সন্তানের জন্ম সরকারি হাসপাতালে হবে, সেই সমস্ত সদ্যোজাতদের সরকারের তরফে উপহার দেওয়া হবে সোনার আংটি। কোনও লিঙ্গবৈষম্য ছাড়াই পুত্র ও কন্যা উভয় সন্তানই এই উপহার পাবে। এমনকী সন্তান জন্মক্রমের উপর কোনও বিধিনিষেধ নেই, অর্থাৎ প্রথম বা পরবর্তী সব সন্তানের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। সুবিধাভোগীদের তামিলনাড়ুর বাসিন্দা হিসাবে প্রমাণপত্র জমা দিতে হবে। এর জন্য রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ড, শ্রম কল্যাণ বোর্ডের আইডি, পোস্ট অফিসের ঠিকানার প্রমাণপত্র বা নেটিভিটি সার্টিফিকেট ব্যবহার করা যাবে বলে সরকারি সূত্রের খবর।
কেন এই উদ্যোগ? সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লক্ষ সন্তান জন্মায়, যার মধ্যে প্রায় ৫৩ শতাংশ (৪.২ লক্ষ) প্রসব হয় সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের গড় খরচ প্রায় ৬৩ হাজার ৪৭৩ টাকা, সেখানে সরকারি হাসপাতালে এই খরচ মাত্র ১ হাজার ৩৬৪ টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনা উপহার তামিল সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই উপহার মাতৃত্বের এই সময়কে সম্মানিত করবে। জানা গিয়েছে, প্রথম কিস্তিতে ১ লক্ষ ২৮ হাজার সোনার আংটি বিলি করবে বিজয় সরকার। নয়া এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।
তবে এই প্রকল্পের সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন বলেন, “শিশুদের দুধ প্রয়োজন। আর এখানে সোনার গয়না দেওয়া হচ্ছে। দুধের সংকট আমরা কবে দূর করব?” তিনি যোগ করেন, “শিশুদের জন্য সোনার চেয়ে ভালো মানের দুধের প্রয়োজনীয়তা অনেক বেশি।” বিজেপি নেত্রীর দাবি, চেন্নাইয়ে প্রতিদিন ৩০ লক্ষ লিটার দুধের প্রয়োজন। কিন্তু রাজ্যের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা ‘আভিন’ মাত্র ১৪.৫ লক্ষ লিটার দুধ সরবরাহ করছে। ফলে মানুষকে বেশি দামে বেসরকারি সংস্থার দুধ কিনতে বাধ্য হতে হয়।
A gold ring for a newborn may be a welcome gesture, but for families, the most immediate need is ensuring that essential nutrition is available every day. Hon’ble @CMOTamilnadu please ensure uninterrupted availability of Aavin milk across Tamil Nadu, especially for children and infants. "Basic needs must never face shortages."
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 28, 2026
