
শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বর : উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক শুক্রবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি রাজ্যে শিল্প, জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ, আরজি কর কাণ্ড এবং ছাত্র আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বাংলায় শিল্পপতিদের ফিরে আসার প্রশ্নে মন্ত্রী বলেন, গত ১৫ বছরে একের পর এক শিল্পপতি বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি দাবি করেন, বিজেপি সরকার গঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই মানুষের একাধিক আশা ও দাবি পূরণ হয়েছে। তাঁর মতে, রাজ্যে এমন এক পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে শিল্পপতিরা আবার বাংলায় ফিরে আসছেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে চলা অভিযোগ-পাল্টা অভিযোগের বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, যখন রাষ্ট্রবিরোধী বা বিদেশি শক্তিগুলি একত্রিত হয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করে, তখন দেশের মানুষের একজোট হয়ে দাঁড়ানো উচিত। তিনি বলেন, কারও ওপর অভিযোগ তোলার আগে সঠিক তথ্য ও প্রমাণ সামনে রাখা দরকার। বিষয়টি বিচারাধীন এবং তাঁর বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে।
আরজি কর কাণ্ডে অভয়ার বাবাকে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, এই মামলায় পুলিশ ও স্বাস্থ্য আধিকারিক-সহ যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কয়েকজন জেলেও রয়েছেন। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের নির্দেশানুসারেই হবে। অন্যদিকে, সিজেপি আন্দোলন নিয়ে তিনি বলেন, ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে আগে ছাত্র আন্দোলনকে স্বীকার করে নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ রাজনৈতিক একটি বিষয়। তিনি মন্তব্য করেন যে, এই আন্দোলন আগের মতো আর সাড়া ফেলতে পারবে না। এর পাশাপাশি তিনি বলেন, রাজনীতিতে কোথায় উত্থান আর কোথায় পতন হবে, তা কেউ বলতে পারে না।
